২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত ক্যালেন্ডারে পরিবর্তন আনছে বিসিবি

প্রস্তাবিত ক্যালেন্ডারে পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের পরবর্তী ‘অ্যাসাইনমেন্ট’ ভাবনায় রেখে নতুন প্রস্তাব দেয়া হয়েছে বোর্ডের জরুরি সভায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 01:13 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহে ও অন্যান্য বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনার পর ২০১৪-১৫ মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডারে কিছু রদ বদল করা হচ্ছে।

“জিম্বাবুয়ে আসার পর প্রথমে আমরা টেস্ট খেলতে চাচ্ছি আর তার আগে আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলার কথা রয়েছে। এটি শেষ হলে আমরা বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাব। সবকিছু বিবেচনা করে তাই বিকল্প প্রস্তাব উত্থাপন করা হয়েছে।”

বিসিবি সভাপতি জানান, জিম্বাবুয়ে সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বিশেষ করে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দিক থেকে। ৪০ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে জিম্বাবুয়ে, আর সবার শেষে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২১।

প্রিমিয়ার লিগের জন্য ২৪ জনের পুল ঘোষণা করেছে বিসিবি। প্রতিটি দলে পুলের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় থাকতে পারবেন। জাতীয় দলের খেলোয়াড়রা কোনো আন্তর্জাতিক সিরিজে ব্যস্ত থাকলে এবার লিগের খেলা পেছানোর কোনো পরিকল্পনা নেই বিসিবির।

“এবার জাতীয় দল সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। অনেক সময়ই দেখা যায় জাতীয় দলের খেলোয়াড়রা না থাকলে সমস্যা হয়। এবার খেলা বন্ধ রাখা যাবে না। অন্যান্য দেশে যা হয় তাই হবে। খেলতে পারলে খেলবে, নয়তো ওদের ছাড়াই খেলা চালিয়ে যেতে হবে।”

এদিকে, ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ২ জানুয়ারি থেকে জাতীয় দলের ক্রিকেটারদের চেয়েছেন হাথুরুসিংহে। ১৮ বা ১৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ।