ওয়ানডে সিরিজও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শতকে তৃতীয় ওয়ানডেতে ভারতের মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৫৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। সুবাদে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বৃহস্পতিবার ফতুল্লার আউটার স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ।
মাত্র ২১ রানে তিন উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে স্বাগতিক দল। তবে উদ্বোধনী ব্যাটসম্যান মুনীম শাহরিয়ারের (৫৫) সঙ্গে ৯০ ও মোহাম্মদ সাইফুদ্দিনের (৫০) সঙ্গে ১১৯ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন মেহেদি।
শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মেহেদি। তার ১১৫ বলের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ৬টি চার ও ২টি ছক্কায়।
মধ্য প্রদেশের পক্ষে রাহুল বাথাম ৫৬ রানে নেন ৩ উইকেট।
জবাবে ৪৬ ওভার ২ বলে ২০০ রানে অলআউট হয়ে যায় মধ্য প্রদেশ।
রাহুল জৈন (৩৯) ও শিবম তিওয়ারির (৪০) ৮৩ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় অতিথিদের। কিন্তু পরের ব্যাটসম্যানের ব্যর্থতায় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি তারা।
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন সঞ্জীব সাহা ও সালেহ আহমেদ।
প্রথম ওয়ানডেতে ১৮ রানে জিতেছিল বাংলাদেশ দল। পরের ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে।
এর আগে চার দিনের ম্যাচের সিরিজও ১-০ ব্যবধানে জিতে স্বাগতিকরা। প্রথম ম্যাচটি ড্র হলেও পরের ম্যাচটি তিন দিনেই জিতে নেয় বাংলাদেশ।
