শুক্রবার আসছে ভারত
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় আসছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, শুক্রবার সকাল সোয়া নয়টায় ঢাকায় পৌছাবে ভারত ক্রিকেট দল।
১৫, ১৭ ও ১৯ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দিন-রাতের তিনটি ম্যাচ।
এশিয়া কাপ, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশে গত কয়েক বছরে বেশ কয়েকবারই এসেছে ভারত। তবে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজের জন্য সাত বছর পর প্রতিবেশী দেশটিতে আসছে এই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০০৭ সালের সেই সফরে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ভারত।
সিরিজে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ ৮/৯ জনকে বিশ্রাম দিয়েছে ভারত। নতুন চেহারার দলটি খেলবে সুরেশ রায়নার নেতৃত্বে।
ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), কেদার যাদব, পারভেজ রসুল, চেতেশ্বর পুজারা, অম্বাতি রাইডু, মোহিত শর্মা, রবিন উথাপ্পা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, অক্ষর প্যাটেল, আজিঙ্কা রাহানে, মনোজ তিওয়ারি, বিনয় কুমার।
