ভারতের মোকাবেলায় প্রস্তুত তামিম
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো খেলার ব্যাপারে আশাবাদী তামিম ইকবাল। এই উদ্বোধনী ব্যাটসম্যান জানান, সুরেশ রায়নাদের মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ দল।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তামিম বলেন, “গত ৭/৮ দিন ধরে আমরা অনুশীলন করছি। দলের প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে। কোনো সিরিজের আগে সাধারণত এতো সময় পাওয়া যায় না, সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। ভারতের মোকাবেলা করতে আমরা প্রস্তুত।”
অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজারা।
১৫, ১৭ ও ১৯ জুন দিন-রাতের তিনটি ম্যাচই হবে শের-ই-বাংলায়।
তামিম মনে করেন, নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা না আসায় বাংলাদেশ সুবিধা পাবে। তবে ভারত ছন্দে থাকা খেলোয়াড় পাঠানোয় ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা তার।
“ওদের এই দল কোনো দিক থেকেই খারাপ নয়। আইপিএলের সেরা পারফরমাররাই আসছে। তবে ধোনিরা না আসায় ওরা একটু চাপেই থাকবে। ওদেরও কিছু জায়গা আছে উন্নতি করার।”
তীব্র গরমের মধ্যে অনুশীলন করতে হলেও তা নিয়ে কোনো অভিযোগ নেই ক্রিকেটারদের। বিশেষজ্ঞ বোলিং কোচ হিথ স্ট্রিক আগেই চলে এসেছিলেন। এসেছেন নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহেও। এখন শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে মুশফিক বাহিনী।
তামিম বলেন, “আমি মনে করি সবাই ব্যক্তিগতভাবে ভালোভাবেই তৈরি হচ্ছে। খেলা শুরু হওয়ার আগে এখনো ২/৩ দিন সময় আছে। আশা করি, ছোটখাটো ভুলগুলো এর মধ্যেই কাটিয়ে উঠতে পারবো।”
