২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজকে হারিয়ে অপেক্ষার অবসান নিউ জিল্যান্ডের

চার দিনেই জ্যামাইকা টেস্ট জিতেছে নিউ জিল্যান্ড। স্বাগতিকদের প্রথম টেস্টে ১৮৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 10:29 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

২০০২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্ট জিতেছিল নিউ জিল্যান্ড। সেটিই এতোদিন ছিল এখানে তাদের একমাত্র জয়।

তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও কিংস্টনের স্যাবিনা পার্কে ছিল বোলারদের দাপট। এদিন সব মিলিয়ে পতন হয়েছে ১৬ উইকেট।

২ উইকেটে ১৪ রান নিয়ে খেলা শুরু করে নিউ জিল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে ইস সোধি ও রস টেইলরে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান জেরোম টেইলর। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন অতিথি দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

১৪ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া অতিথিদের ত্রাতা উদ্বোধনী ব্যাটসম্যান টম ল্যাথাম (৭৩)। তার দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৫৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অতিথিরা।

২৮ রানে ৩ উইকেট নিয়ে টেইলর ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।

প্রথম ইনিংসে ২৪৬ রানে পিছিয়ে থাকায় স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৪০৩।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিং দুরূহ হয়ে পড়া উইকেটে এই লক্ষ্য ছিল অসম্ভব প্রায়। ক্রিস গেইলের শততম টেস্টে তাই ম্যাচ বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৪৭.৪ ওভারে ২১৬ রানে অলআউট হয়ে যায় দলটি।

১১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে বিদায় করে শুরুটা করেছিলেন টিম সাউদি। বাকি কাজটুকু সহজেই সেরেছেন অভিষিক্ত মার্ক ক্রেইগ ও সোধি। তাদের ঘূর্ণিতে ৭৬ রানে ৬ উইকেট হারানো স্বাগতিক দলের এক সময়ে স্কোর ছিল ১৩৪/৯।

হার সময়ের ব্যাপারে পরিণত হলেও দশম উইকেটের দৃঢ়তায় দুইশ পার হয় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। ৯০ ওভার খেলা শেষ হওয়ার পর ত্রিশ মিনিট সময় বাড়ানো হয়েছিল। এর শেষ ওভারে বেনকে বিদায় করে চার দিনেই অতিথিদের জয় নিশ্চিত করেন কেন উইলয়ামসন।

৮২ রানের জুটি গড়ার পথে ২৯ বলে সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন শিলিংফোর্ড। এ রান করার পথে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন শিলিংফোর্ড। ২৪ বলে অর্ধশতকের বিশ্ব রেকর্ডধারী দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের চেয়ে মাত্র ১ বল বেশি খেলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ২৪ রান করার পথে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়াকে (১১ হাজার ৩১৯) পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছেন শিবনারায়ণ চন্দরপল (১১ হাজার ৩২৭)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তার চেয়ে বেশি রান আছে কেবল ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার (১১ হাজার ৯৫৩)।

৯৭ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার ক্রেইগ। অভিষেকের দেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া এই অফস্পিনারই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

সোমবার থেকে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৫০৮/৭ ইনিংস ঘোষণা (উইলিয়ামসন ১১৩, নিশাম ১০৭; বেন ৩/১৪২, শিলিংফোর্ড ৩/১৪৫) ও ১৫৬/৮ ইনিংস ঘোষণা (ফুলটন ০, ল্যাথাম ৭৩, উইলিয়ামসন ২, সোধি ৪, টেইলর ০, ম্যাককালাম ১৭, নিশাম ২০, ওয়াটলিং ২২*, সাউদি ৩, ক্রেইগ ৭*; টেইলর ৩/২৮, রোচ ২/১২, শিলিংফোর্ড ২/৩৯, বেন ১/৪৭)

ওয়েস্ট ইন্ডিজ: ২৬২ (চন্দরপল ৮৪, গেইল ৬৪; সাউদি ৪/১৯, ক্রেইগ ৪/৯১) ও ২১৬ (গেইল ১০, পাওয়েল ০, এডওয়ার্ডস ১৪, ব্রাভো ১২, চন্দরপল ২৪, স্যামুয়েলস ০, রামদিন ৩৪, রোচ ১৯, টেইলর ১৮, বেন ২৫, শিলংফোর্ড ৫৩*; ক্রেইগ ৪/৯৭, সোধি ৩/৪২, সাউদি ২/৩২, উইলিয়ামসন ১/১)

ম্যাচ সেরা: মার্ক ক্রেইগ।