আবারো রাসেলের কাছে ‘এ’ দলের হার
আন্দ্রে রাসেলের মারাত্মক বোলিংয়ে বার্বাডোজে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তাই চার দিনের ম্যাচের সিরিজের মতো ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়ে গেছে অতিথিদের।
১-০ ব্যবধানে চার দিনের ম্যাচের সিরিজ হারা অতিথিরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে। বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ওয়ানডে হবে।
মাত্র ২৮ রানে ৬ উইকেট নিয়ে রাসেল স্বাগতিক দলের সেরা বোলার। আগের ম্যাচে ‘ঝড়ো’ ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতা এই অলরাউন্ডার এবার পেলেন বোলিংয়ের জন্য।
মঙ্গলবার লুকাস স্ট্রিটের উইন্ড ওয়ার্ড পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ‘এ’ দল।
রাসেলের শিকারে পরিণত হয়ে ২৬ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি অতিথিদের। দ্রুত বিদায় নেন আগের ম্যাচে অর্ধশতক করা শুভাগত হোম চৌধুরীও (১২)।
৪৮ রানে ৩ উইকেট হারোনা অতিথিদের ৪ উইকেটে ১৫১ রানে পৌছে দিয়েছিলেন মার্শাল আইয়ুব (৪৫) ও নাঈম ইসলাম (৪৫)। কিন্তু রাসেলের অসাধারণ বোলিংয়ে মাত্র ২৮ রানে শেষ ৬ উইকেট হারানোয় দুইশ'ও পার হতে পারেনি অতিথিরা।
জবাবে ৩৮ ওভার ৪ বলে লক্ষ্যে পৌছে যায় হাই পারফরম্যান্স সেন্টার।
দ্বিতীয় ওভারেই জনসন চার্লসকে ফিরিয়ে দিয়ে দলকে সাফল্য এনে দেন পেসার রবিউল ইসলাম। দ্বিতীয় উইকেটে নক্রুমাহ বোনার ও জেরেমাইন ব্লেকউডের মধ্যকার ৫১ রানের জুটি ভাঙার কৃতিত্বও এই পেসারের।
