২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাথুরুসিংহের লক্ষ্য ধারাবাহিকতা

একটি-দুটি সিরিজ জয় নয়, বাংলাদেশকে নিয়মিত ভালো পারফর্ম করার মতো জায়গায় পৌঁছে দিতে চান জাতীয় দলের নতুন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 09:03 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

আগের দিন ঢাকায় পৌঁছানো হাথুরুসিংহে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, “আমার মূল লক্ষ্য পুরো দলের উন্নতি। একটি বা দুটি সিরিজ জয় নয়, ধারাবাহিক সাফল্য চাই। দুই বছরের চুক্তি শেষ হওয়ার পর দেশে এবং বাইরে বাংলাদেশকে জেতার মতো ভালো অবস্থানে দেখতে চাই।”

তবে আপাতত র‌্যাঙ্কিং নিয়ে কোনো লক্ষ্য ঠিক করতে চান না হাথুরুসিংহে।

“এটা খুব বিপজ্জনক লক্ষ্য হবে। কারণ আমরা জানি না, আমাদের কী আছে। আমার কাজ হবে এমন একটি পরিবেশ তৈরি করা যেন সবাই তাদের সামর্থ্যের সেরাটা দিয়ে পারফর্ম করতে পারে। ক্রিকেটাররা যেন সবচেয়ে ভালো সহায়তা পায়, তা আমাদের নিশ্চিত করতে হবে।”

হাথুরুসিংহে শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন প্রায় দুই বছর। এরপর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন প্রায় চার বছর।

স্বদেশ ও অস্ট্রেলিয়ার অভিজ্ঞতায় হাথুরুসিংহে দেখেছেন, যাদের ক্রিকেটগত প্রক্রিয়া ভালো থাকে, তারা বেশিরভাগ সময় ভালো করে। তাই এ দিকটায় মনোযোগ দেয়ার প্রতিশ্রুতিও দিলেন শ্রীলঙ্কার সাবেক এই অলরাউন্ডার।

এ ব্যাপারে বিসিবির কাছ থেকে সঠিক প্রক্রিয়া পাওয়ার নিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেন, “আমাকে কোচ হওয়ার প্রস্তাব দেয়ার সময় আমি তাদের ব্যাপারটি বলেছি। তারা আমাকে সব ধরণের সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় বর্তমান বোর্ড একটা পরিবর্তন চায়। সে কারণেই তারা এটা করছে। আমাদের তার ফল নিশ্চিত করতে হবে।”

সঠিকভাবে অনুশীলন, ব্যক্তিগত ও দলগতভাবে সকল খেলোয়াড়ের উন্নতির জন্য সঠিক পরিবেশকে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হাথুরুসিংহে। তার বিশ্বাস, এভাবে দল হিসেবে উন্নতি করতে থাকলে আপনা-আপনি সুফল পাওয়া যাবে।

আগামী ওয়ানডে বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে। গত চার বছর ধরে অস্ট্রেলিয়ায় কোচিং করানোয় দেশটির কন্ডিশন সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে বাংলাদেশের নতুন কোচের।

“গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সঠিক সমন্বয় খুঁজে পাওয়া আর অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডে খেলার জন্য প্রস্তুতি নেয়া। আমার প্রধান লক্ষ্য দ্বিতীয় রাউন্ড।”

চলতি বছরটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সেই কারণ খোঁজা নয়, ভবিষ্যত চ্যালেঞ্জের দিকে মনোযোগ দিতে চান হাথুরুসিংহে।

“সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় শারীরিক ও মানসিকভাবে (শিষ্যদের) প্রস্তুত রাখতে চাই। আর যত দ্রুত সম্ভব চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে খেলোয়াড়দের জানার জন্য আমি ৮ সপ্তাহ সময় পাচ্ছি। ওদের জানা আমার জন্য জরুরি। জানলেই কেবল ওদের সামর্থ্যের সর্বোচ্চটা বের করে আনতে পারবো।”

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থাকার সময় বাংলাদেশের খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখেছিলেন হাথুরুসিংহে।

“গত চার বছর খুব একটা দেখা না হলেও ওদের প্রতিভা সম্পর্কে আমি জানি। সম্পূর্ণ ফিট থাকলে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা পাওয়া যায়। আমি শুনেছি কিছু তরুণ খেলোয়াড়ও উঠে আসছে।”

“আমাদের একটি ভালো বোলিং ইউনিট খুঁজে বের করতে হবে, যারা টেস্টে ২০ উইকেট নিতে পারবে। এটা আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ হবে,” যোগ করেন তিনি।