২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে সিরিজে টিকেটের দাম দ্বিগুণ

ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বনিম্ন টিকেটের দাম ১০০ টাকা যা গত সিরিজের দ্বিগুণ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 04:32 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে সর্বনিম্ন টিকেটের দাম ছিল ৫০ টাকা।

ব্রাজিল বিশ্বকাপ চলার সময় স্বাভাবিকভাবেই তিন ম্যাচের সিরিজে দর্শক ঘাটতির শঙ্কা রয়েছে। তবুও বিসিবি হসপিটালিটি বক্স ছাড়া আর সব টিকেটের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ।

হসপিটালিটি বক্সের প্রতিটির টিকেট ৫ হাজার টাকা, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড দেড় হাজার টাকা, আন্তর্জাতিক গ্যালারি পাঁচশ’ টাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড তিনশ’ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি দেড়শ’ টাকা ও পূর্ব গ্যালারির টিকেট একশ’ টাকা রাখা হয়েছে।

১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

এই সিরিজে টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঢাকায় ব্যাংকটির মিরপুর, ধানমণ্ডি, বসুন্ধরা, বিজয়নগর ও উত্তরা শাখায় টিকেট পাওয়া যাবে। এছাড়া ব্যাংকটির মোবাইল ব্যাংকিং পরিষেবা ইউক্যাশের মাধ্যমেও টিকেট পাওয়া যাবে।

বৃহস্পতিবার থেকে টিকেট বিক্রি শুরু হবে। টিকেট কেনার সময় ঘোষিত মূল্যের সঙ্গে আরো ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে ক্রেতাকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস ও বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির সভাপতি কাজী ইনাম আহমেদ।