স্ট্রিকের কোচিং উপভোগ করছেন তাসকিন
বিশেষজ্ঞ পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের কোচিং উপভোগ করছেন তরুণ পেসার তাসকিন আহমেদ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, “স্ট্রিক বড় মাপের খেলোয়াড় ছিলেন। আমি তার অভিজ্ঞতাটুকু নিতে চাই। তার কাছ থেকে শিখতে চাই কোন উইকেটে কিভাবে বল করতে হয়। ব্যাটসম্যানকে কিভাবে পড়তে হয় জানার চেষ্টা করবো।”
জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডারের কোচিংয়ের ধরণ একটু ভিন্ন মনে হয়েছে তাসকিনের।
“একেক জন বোলার এক ওভার করে বল করেছে। পরিস্থিতি ছিল একদম ম্যাচের মতো। ‘নো’ বল করা যাবে না। সব কিছু মিলিয়ে ভালোই উপভোগ করেছি।”
অনুশীলন সম্পর্কে তরুণ এই পেসার বলেন, “যে পিচে অনুশীলন করছিলাম সেটা একটু মন্থর ছিল। তিনি বলছিলেন লেন্থ পরিবর্তন করতে, আমরা সেই অনুযায়ী বল করছিলাম। সবার সঙ্গেই তিনি কথা বলছিলেন। উইকেট অনুযায়ী স্লোয়ার, বাউন্সার, লেন্থ সবকিছু মিলিয়ে বল করতে বলেছেন তিনি।”
তাসকিন জানান, পিচ ও ব্যাটসম্যানের মুভমেন্ট দেখে বোলিং করার পরামর্শ দিয়েছেন স্ট্রিক। “আমাকে কিছু পরিবর্তন করতে বলেননি। তবে বলেছেন, লাইন, লেন্থ, ভেরিয়েশন এসবের ‘অ্যাকুরেসি’ ভালো হলে বল আরো ভালো হবে।”
