২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রান আউট বিতর্কে সেনানায়েকে

আগের দিনই অবৈধ বোলিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছেন সচিত্রা সেনানায়েকে। এবার জস বাটলারকে রান আউট করে বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কার এই অফস্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:51 AM

Updated : 22 Aug 2022, 06:25 PM

ইংল্যান্ড ইনিংসের ৪৪তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে যান নন স্ট্রাইকিং প্রান্তে থাকা বাটলার। সেনানায়েকে বল করার আগেই ক্রিজ ছেড়ে এগিয়ে যাচ্ছিলেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তাকে একবার সতর্কও করে দেন সেনানায়েকে।

কিন্তু সতর্ক না হয়ে বল করার আগেই ক্রিজ ছেড়ে এগুতে থাকেন বাটলার। সেনানায়েকে বল না করে স্ট্যাম্প ভেঙ্গে দিয়ে রান আউটের আবেদন করেন।

সিদ্ধান্ত জানানোর আগে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে কথা বলেন মাইকেল গফ। কিন্তু অতিথি দল সেই আবেদন প্রত্যাহার না করায় বটলারকে আউট ঘোষণা করেন গফ। অবিশ্বাস্যে মাথা ঝাকাতে ঝাকাতে মাঠ ছাড়েন বাটলার।

আউটের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ক্ষোভ প্রকাশ করেন ইংল্যান্ডের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তবে সেনানায়েকের দোষ দেখছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আলেক স্টুয়ার্ট।

“আইনানুযায়ী শ্রীলঙ্কা আবেদন করতে পারে। তারা বাটলারকে সতর্ক করেছিল। কিন্তু সে আবারো তাই করেছে। সেনানায়েকে তা করতে দিয়েছে এবং (অধিনায়ক অ্যাঞ্জেলো) ম্যাথিউসকে আবেদন বহাল রাখতে দিয়েছে। আমরা এটা দেখতে চাই না কিন্তু আইন থাকার দরকার কী, যদি প্রয়োগই না করা যায়।”