২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টের দল দিল উইন্ডিজ

চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরেছেন পেসার জেরোম টেইলর ও কেমার রোচ। নিউ জিল্যান্ডের বিপক্ষে কিংস্টনে প্রথম টেস্টে স্বাগতিক দলে তাদের সঙ্গী অফস্পিনার শেন শিলিংফোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 12:41 AM

Updated : 22 Aug 2022, 06:25 PM

৮ জুন থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য মঙ্গলবার ঘোষিত ১৩ সদস্যের দলে রয়েছেন বাঁ-হাতি স্পিনার সুলেমান বেন। তবে চোটের কারণে জায়গা হয়নি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।

২০০৩ সালে অভিষেকের পর থেকে চোটের সঙ্গে লড়াই করা টেইলর গত ফেব্রুয়ারিতে জ্যামাইকার হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন। ২০০৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন।

গত বছরের মার্চের পর থেকে কোনো টেস্ট খেলেননি আরেক পেসার রোচও। গত নভেম্বরে চোটের কারণে ভারত সফর থেকে বাদ পড়েন রোচ। কয়েক মাস আগে মারাত্মক এক গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি।

গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে সন্দেহজনক অবৈধ বোলিংয়ের জন্য অভিযুক্ত হয়েছিলেন শিলিংফোর্ড। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও দুসরা করতে পারবেন না এই অফস্পিনার। সেই ডেলিভারি অবৈধই রয়ে গেছে।

নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ না দেয়ায় অফস্পিনার সুনীল নারায়ণকে দলে নেয়া হয়নি।

এটা হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে দীনেশ রামদিনের প্রথম টেস্ট। নেতৃত্ব হারানোর পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া অলরাউন্ডার ড্যারেন স্যামিও স্বাভাবিকভাবেই দলে নেই।

জ্যামাইকা টেস্ট হতে যাচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের শততম টেস্ট।

দল: দীনেশ রামদিন (অধিনায়ক), সুলেমান বেন, ক্রেইগ ব্রেথওয়েইট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, কার্ক এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, কাইরন পাওয়েল, কেমার রোচ,মারলন স্যামুয়েলস, শেন শিলিংফোর্ড ও জেরোম টেইলর।