২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিন জাকিরের শতক

ভারতের মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের চতুর্থ ও শেষ দিন শতক করেছেন স্বাগতিক দলের জাকির হাসান। বৃষ্টির বাধায় পড়া ম্যাচটি ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার ৩ উইকেটে ১৯২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দিনের শুরুতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (৮৮) বিদায়ে ভাঙে ১৭৭ রানের চতুর্থ উইকেট জুটি। পঞ্চম উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে ৬২ রানের আরেকটি জুটি উপহার দেন জাকির।

১১০ রানের চমৎকার ইনিংস খেলে বিদায় নেন জাকির। তার ২৯০ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। এরপর দ্রুত দুই উইকেট হারালেও সঞ্জীব সাহার (অপরাজিত ১৮) সঙ্গে সাইফুদ্দিনের (অপরাজিত ৬৪) অবিচ্ছিন্ন ৬০ রানের জুটির সুবাদে সাড়ে তিনশ’ পার হয় স্বাগতিকদের সংগ্রহ।

প্রথম ইনিংসে মধ্য প্রদেশকে ৩২১ রানে অলআউট করা বাংলাদেশ ৬ উইকেটে ৩৫২ রানে নিজদের ইনিংস ঘোষণা করে।

মধ্য প্রদেশের পক্ষে রাহুল বাটাম ও অশ্বিন দাস দুটি করে উইকেট নেন।

৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেটে ৬৫ রান করে মধ্য প্রদেশ। ২০ রানে অপরাজিত থাকেন নিতিশ লসকারি।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান রানা, নাহিদ হাসান ও সঞ্জীব একটি করে উইকেট নেন।