২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের প্রথম না কলকাতার পুনরুদ্ধার

কলকাতা নাইট রাইডার্সের আইপিএলের শিরোপা পুনরুদ্ধারে শেষ বাধা কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমবারের মতো ফাইনালে উঠে ২০১২ সালে শিরোপা জিতেছিল সাকিব আল হাসানের কলকাতা। আর এবারই প্রথম ফাইনালে পৌঁছাল পাঞ্জাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 08:42 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার ব্যাঙ্গালোরে আইপিএলের সপ্তম আসরের ফাইনাল মুখোমুখি হবে দল দুটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এবারের আসরে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দল দুটি। আবু ধাবিতে প্রথমবার পাঞ্জাব জিতলেও পরের দুই ম্যাচে জিতেছে কলকাতা। কোনো ম্যাচেই কলকাতার বিপক্ষে দেড়শ’ রান করতে পারেনি পাঞ্জাব।

টুর্নামেন্টের সেরা দুই দলের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে। পাঞ্জাবের প্রধান ভরসা তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। এবার পাঞ্জাব সাতবার ১৯০ এর বেশি রান করেছে, যার মধ্যে চারবারই দুইশ’ পার হয়েছে স্কোর।

দ্বিতীয় কোয়ালিফায়ারে দারুণ এক শতক হাঁকানো বীরেন্দর শেবাগ, গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলার নিজেদের দিনে যে কোন বোলিংকে গুড়িয়ে দিতে পারেন।

সাবেক চ্যাম্পিয়ন কলকাতার সবচেয়ে বড় শক্তি তাদের বোলিং। অফস্পিনার সুনীল নারায়ণ, বাঁহাতি স্পিনার সাকিব ও লেগস্পিনার পীযুষ চাওলার উপস্থিতিতে কলকাতার স্পিন বোলিং যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ ও কার্যকর। সাফল্য পাচ্ছেন দুই পেসার মরনে মরকেল ও উমেশ যাদবও।

চলতি আসরে ১৫ ম্যাচের ১০টিতেই লক্ষ্য তাড়া করে জিতেছে কলকাতা। বোলারদের নৈপুণ্যে তাদের খুব একটা বড় লক্ষ্য তাড়া করতে হয়নি। কলকাতার টানা আট জয়ে সবচেয়ে বড় অবদান বোলারদেরই।

টানা ১০ ইনিংসে চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলা রবীন উথাপ্পা, গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, সাকিব ও সূর্যকুমারদের উপস্থিতিতে কলকাতার ব্যাটিংও যথেষ্ট শক্তিশালী।