বৃষ্টি বিঘ্নিত দিনে জাকির মেহেদির লড়াই
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও জাকির হাসানের দৃঢ়তায় মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে লড়ছে স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান।
শনিবার ফতুল্লায় ৩ উইকেটে ৬০ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টির বাধায় এ দিন ৫৭ ওভার ৪ বলের বেশি খেলা সম্ভব হয়নি।
আগের দিন ৪৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ ও জাকির। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটি গড়েছেন তারা।
স্বাগতিক অধিনায়ক অপরাজিত রয়েছেন ৭৫ রানে। তার ১৮৮ বলের ইনিংসে সাজানো ৫টি চার ও ২টি ছক্কায়। ৬৪ রানে ব্যাট করছেন জাকির। তার ২১৭ বলের ইনিংসে রয়েছে ৪টি চার।
৭ উইকেট হাতে নিয়ে এখনো ১২৯ রানে পিছিয়ে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৩২১ রান করেছিল মধ্য প্রদেশ।
