শেবাগের শতকে ফাইনালে পাঞ্জাব
বীরেন্দর শেবাগের শতকে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসকে ২৪ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের আসরে পাঞ্জাবের কাছে এটি চেন্নাইয়ের তিন ম্যাচে তৃতীয় পরাজয়।
রোববারের শিরোপা লড়াইয়ে পাঞ্জাবের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে তাদের হারানো কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৬ রান করে পাঞ্জাব।
চলতি আসরে আগের দুই ম্যাচেও চেন্নাইয়ের বিপক্ষে দুইশর বেশি রান করেছিল পাঞ্জাব। আবু ধাবিতে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার পর কটকে ২৩১ রান করে দলটি।
মানান ভোহরার (৩৪) সঙ্গে শেবাগের ৬৪ বল স্থায়ী ১১০ রানের উদ্বোধনী জুটি উড়ন্ত সূচনা এনে দেয় পাঞ্জাবকে। এরপর গ্লেন ম্যাক্সওয়েল (১৩) দ্রুত ফিরলেও তৃতীয় উইকেটে ডেভিড মিলারের (১৯ বলে ৩৮) সঙ্গে ৬৩ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন শেবাগ।
শেবাগের ৫৮ বলে খেলা ১২২ রানের আক্রমণাত্মক ইনিংস সাজানো ১২টি চার ও ৮টি ছক্কায়। টি-টোয়েন্টিতে এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
শেষ দুই ওভারে শেবাগ, মিলারসহ চার ব্যাটসম্যানকে হারানোয় সংগ্রহ আরো বড় হয়নি পাঞ্জাবের।
চেন্নাইয়ের পক্ষে আশীষ নেহরা ২ উইকেট নেন ৫১ রানে।
জবাবে ৭ উইকেটে ২০২ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফাফ দু প্লেসি ও ডোয়াইন স্মিথ দ্রুত ফিরলেও সুরেশ রায়নার তাণ্ডবে ৬ ওভারে ১০০ রানে পৌঁছে যায় চেন্নাই। টি-টোয়েন্টি পাওয়ার প্লেতে এই প্রথম কোনো দল শতরানে পৌঁছাল।
সপ্তম ওভারের প্রথম বলে জর্জ বেইলির সরাসরি থ্রোয়ে রায়না রান আউট হয়ে বিদায় নিলে খেলা ফিরে পাঞ্জাব। মাত্র ২৫ বলে ৮৭ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৬টি ছক্কা। অর্থাৎ রায়নার ৮৪ রানই আসে চার ও ছয় থেকে।
রায়নার বিদায়ের পর রানের জন্য লড়াই করতে হয়েছে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। তিন রানের মধ্যে ব্রেন্ডন ম্যাককালাম, রবীন্দ্র জাদেজা ও ডেভিড হাসির বিদায় তাদের বিপদ আরো বাড়ায়।
তখনো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছিল বলে স্বপ্ন দেখছিল চেন্নাই। মিচেল জনসনের করা ১৮ তম ওভারে বোল্ড হলেও নো বলের কল্যাণে বেঁচে যান ধোনি। তারপরও দলকে জয় এনে দিতে পারেননি। তার অপরাজিত ৪২ রানের ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
আগের ছয় আসরের পাঁচ টিতেই ফাইনালে খেলেছে দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই। ২০০৯ সালে সেমি-ফাইনালে হেরে যায় পরের দুবার (২০১০ ও ২০১১) শিরোপা জেতা দলটি।
