২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজে বিপদে ‘এ’ দল

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভীষণ বিপদে বাংলাদেশ ‘এ’ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:06 AM

Updated : 13 Oct 2022, 12:09 PM

৬৬ রানের উদ্বোধনী জুটিরও পরও প্রথম ইনিংসে ১৪০ রানের বেশি করতে পারেনি ‘এ’ দল। ১৫২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৭০ রান।

মঙ্গলবার লুকাস স্ট্রিটের উইন্ডওয়ার্ড পার্কে বিনা উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করে দলকে ৬৬ রানে পৌঁছে দিয়েছিলেন ইমরুল কায়েস (৩২) ও শামসুর রহমান (২৮)।

কার্লোস ব্রেথওয়েইট উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দেড়শ’ পর্যন্তও যেতে পারেনি অতিথিরা। ইমরুলের বিদায়ের দলকে ১১ রান যোগ করতেই আরো তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ‘এ’ দল। ১ উইকেটে ৭৭ থেকে ৪ উইকেটে ৭৭ রানে পরিণত হওয়া দলটিকে হতাশ করেছেন পরের ব্যাটসম্যানরাও। নাঈম ইসলাম ও নাসির হোসেন ফিরেন শূন্য রানে। একবার জীবন পাওয়া মার্শাল আইয়ুব (৮) ও নুরুল হাসান (০) যেতে পারেননি দুই অঙ্কে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে পৌঁছান কেবল মুমিনুল হক। তিনিও ১০ রানের বেশি করতে পারেননি। অতিথিদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রানের জুটি গড়ে উঠে মুক্তার আলী (৩১) ও তাইজুল ইসলামের মধ্যে অষ্টম উইকেটে। ৪৫ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিক দলের সেরা বোলার কার্লোস ব্রেথওয়েইট। মিগুয়েল কামিন্স ৩ উইকেট নেন ২৫ রানে। জবাবে ক্রেইগ ব্রেথওয়েইট ও আসাদ ফুদাদিনের ৭৯ রানের উদ্বোধনী জুটি হাই পারফরম্যান্স সেন্টারকে ভালো সূচনা এনে দেয়। ১ রানের ব্যবধানে ফুদাদিন ও প্রথম ইনিংসে শতক করা জেরেমেইন ব্ল্যাকউডের বিদায়ে কিছুটা স্বস্তি ফিরে অতিথি শিবিরে। কিন্তু তৃতীয় উইকেটে লিয়ন জনসনের সঙ্গে ৯০ রানের আরেকটি চমৎকার জুটি গড়ে দলকে ৩২২ রানে এগিয়ে নিয়েছেন ক্রেইগ ব্রেথওয়েইট। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা স্বাগতিক দলের অধিনায়ক অপরাজিত ৯৬ রানে। তার সঙ্গী জনসন ব্যাট করছেন ৪০ রানে। ‘এ’ দলের পক্ষে নাসির ও তাইজুল একটি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: হাই পারফরম্যান্স সেন্টার: ২৯২ (ব্ল্যাকউড ১৪০, জনসন ৫৬, ফুদাদিন ২২; তাইজুল ৩/৮৩, রবিউল ৩/৮৬) ও ১৭০/২ (ক্রেইগ ব্রেথওয়েইট ৯৬*, ফুদাদিন ২২, ব্ল্যাকউড ০, জনসন ৪০*; নাসির ১/২৩, তাইজুল ১/৪৭) বাংলাদেশ ‘এ’: ১৪০ (ইমরুল ৩২, শামসুর ২৮, মার্শাল ৮, মুমিনুল ১০, নাঈম ০, নাসির ০, হাসান ২, মুক্তার ৩১, তাইজুল ১৪, রবিউল ৪*, শুভাশীষ ০; কার্লোস ব্রেথওয়েইট ৪/৪৫, কামিন্স ৩/২৫, কটরেল ২/২৯, কার্টার ১/৩৬)