পরিশ্রম করেই ছন্দে ফিরতে চান তামিম
ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করছেন তামিম ইকবাল। দেশসেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান তাই ভারতের বিপক্ষে পরের সিরিজেই স্বরূপে ফেরা নিয়ে আশাবাদী।
ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার থেকে অনুশীলন শুরু করেছে স্বাগতিক ক্রিকেটাররা। প্রথম দিনের অনুশীলন শেষে তামিম জানান, ভুলের পুনরাবৃত্তি এড়াতে কঠোর পরিশ্রম করছেন তিনি।
“ক্রিকেটে ওঠা-নামা থাকে। তাই কখনো খারাপ হলে সেটাকে ইতিবাচকভাবে নিয়ে কিভাবে সেখান থেকে বের হওয়া যায় তার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আমি সেই চেষ্টা পুরোপুরি করে যাচ্ছি। আশা করছি, বিশ্বকাপের ভুলের পুনরাবৃত্তি না করার।”
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছায়া হয়ে ছিলেন স্বীকার করে শিগগির স্বরূপে ফেরার প্রত্যয় তামিমের।
ফিটনেস নিয়ে কোনো দুর্ভাবনা নেই তামিমের। জানান, সাত বছর ধরে ফিটনেস এক পর্যায়েই আছে।
চলতি বছরে ওয়ানডেতে এখনো কোনো জয় পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হারের লজ্জায়ও পড়তে হয়েছে তাদের। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতের বিপক্ষে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা তামিমের।
“দল হিসেবে আগের সিরিজে আমরা হয়তো খুব একটা ভালো খেলিনি। তারপর ক্রিকেটে একটু বিরতি ছিল। আমার মনে হয়, সবার এটা দরকার ছিল। দল হিসেবেও নিজেদের ভুলের পুনরাবৃত্তি এড়ানোর চেষ্টা করবো আমরা।”
