ইউসুফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে কলকাতার জয়
ইউসুফ পাঠানের ঝড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদ সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুইবার জীবন পেয়ে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতক করেছেন তিনি।
এই জয়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে কলকাতা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থেকে আইপিএল শেষ হল হায়দরাবাদের।
সেরা দুইয়ে থাকায় শীর্ষে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ‘কোয়ালিফায়ার’ ম্যাচে খেলবে কলকাতা। রান রেটে পিছিয়ে তিন নম্বরে নেমে যাওয়া চেন্নাই সুপার কিংসকে খেলতে হবে চার নম্বর দলের সঙ্গে ‘এলিমিনেটর’ ম্যাচ।
ফিল্ডিংয়ের সময় সাকিব আল হাসানের বলে ড্যারেন স্যামির সহজ ক্যাচকে ছয়ে পরিণত করে খলনায়কে পরিণত হয়েছিলেন ইউসুফ। তবে ভুল শোধরাতে বেশি সময় নেননি তিনি। মাত্র ১৫ বলে ৫০ করে পৌঁছে আইপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়ে দলকে অসাধারণ এক জয় এনে দেন তিনি।
মাত্র ২২ বলে ৭টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৭২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ইউসুফ। বিশ্বের অন্যতম সেরা বোলার ডেল স্টেইনের এক ওভার থেকে নেন ২৬ রান।
রান রেটে চেন্নাইকে পেছনে ফেলতে ১৫ ওভার ২ বলে হায়দরাবাদের দেয়া ১৬১ রানের লক্ষ্যে পৌঁছাতে হত কলকাতার। ইউসুফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ১৪ ওভার ২ বলেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
রবিন উথাপ্পা (৩০ বলে ৪১) ও গৌতম গম্ভীরের (১৮ বলে ২৮) উড়ন্ত সূচনার পরও ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে কলকাতা। ৫ বল খেলে ১ রান করে সাকিব আল হাসানের বিদায় দলের বিপদ আরো বাড়ায়।
কিন্তু ইউসুফ তাণ্ডবে ৩৪ বল বাকি রেখেই জয় তুলে নেয় কলকাতা। ১২ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।
হায়দরাবাদের পক্ষে কর্ণ শর্মা ৪ উইকেট নেন ৩৮ রানে।
এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬০ রান করে হায়দরাবাদ।
সর্বোচ্চ ২৯ রান করে আসে অধিনায়ক স্যামি ও শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ২৭ রান করেন ভেনুগোপাল রাও। ২৬ রান আসে নামান ওঝার ব্যাট থেকে।
অতিরিক্ত থেকে আসে ২১ রান।
কলকাতার পক্ষে চারজন বোলার একটি করে উইকেট নেন। সাকিব ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। তার একটি ওভার ছিল মেডেন।
