২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরকে হারিয়ে এগিয়ে রইলো চেন্নাই

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 08:46 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

এই জয়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চেন্নাই। সমান খেলায় ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে আসর শেষ করেছে ব্যাঙ্গালোর।

শীর্ষ দুটি দল খেলবে প্রথম ‘কোয়ালিফায়ারে’। সেই ম্যাচের জয়ী দল খেলবে ফাইনালে। হেরে যাওয়া দল দ্বিতীয় আরেকটি সুযোগ পাবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে ‘এলিমিনেটর’ ম্যাচের জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা।

শনিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোরের ১৫৫ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই পেরিয়ে যায় চেন্নাই।

ডোয়াইন স্মিথের (১৭ বলে ৩৪) সঙ্গে ফাফ দু প্লেসির ২৬ বল স্থায়ী ৫৭ রানের উদ্বোধনী জুটি চেন্নাইকে উড়ন্ত সূচনা এনে দেয়। এরপর সুরেশ রায়না (১৮) বিদায় নিলে ক্রিজে আসেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

দু প্লেসির সঙ্গে তৃতীয় উইকেটে ৪৯ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেয়ার কৃতিত্ব ধোনির। ২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৪ রান করে ব্যাঙ্গালোর।

৩৩ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো ব্যাঙ্গালোর দেড়শ’ পার হয় বিরাট কোহলির অধিনায়কোচিত ব্যাটিংয়ে। শেষ ওভারে ফেরার আগে ৭৩ রান করেন তিনি। তার ৪৯ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছক্কা।

দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন যুবরাজ সিং।