বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় আফ্রিদির?
চার বছর ধরে টেস্ট না খেললেও সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত শহীদ আফ্রিদি। পাকিস্তানের এই অলরাউন্ডার জানিয়েছেন, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেটের এই সংস্করণ থেকে অবসর নিতে পারেন তিনি।
আফ্রিদি লাহোরে বলেন, “২০১৫ সালের বিশ্বকাপ হবে জ্যেষ্ঠ কয়েকজন ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সব সময়ই বলে এসেছি, আমার খেলা ফিটনেস ও পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত। হতে পারে আমি ওয়ানডে থেকে অবসর নেব এবং টি-টোয়েন্টি খেলে যাব। ২০১৫ সালে নিজের পারফরম্যান্স দেখার পর আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
আফ্রিদি পাকিস্তানের এক মাসের একটি অনুশীলন ক্যাম্পে রয়েছেন। ক্যাম্পের প্রথম অংশে ‘ফিটনেস’ নিয়ে কাজ করার পর ফিল্ডিং নিয়ে ব্যস্ত তারা।
“আমি গত ১৮ বছর ধরে ক্রিকেট খেলছি। অনেক ক্যাম্পে অংশ নিয়েছি, কিন্তু কোনো সন্দেহ নেই এটাই সবচেয়ে কঠিন। কিছু সমস্যা থাকলেও আমি এখন ফিট।”
ওয়ানডে ও টেস্টে মিসবাহ-উল-হকের নেতৃত্বে খেলে পাকিস্তান। বিশ্বকাপের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ হাফিজ। নেতৃত্ব সব সময় উপভোগ করেন আফ্রিদি। তবে আবারো অধিনায়ক হওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানান ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া এই অলরাউন্ডার।
আগেরবার ওয়াকার ইউনুসের সঙ্গে খুব একটা বনিবনা ছিল না আফ্রিদির। আবারো পাকিস্তানের কোচ হয়েছেন সাবেক এই পেসার। এবার তার সঙ্গে নতুন শুরুর প্রত্যাশা আফ্রিদির।
