২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিমন্সের শতকে পাঞ্জাবকে হারাল মুম্বাই

লেন্ডল সিমন্সের শতকে কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 12:10 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

১২ ম্যাচে পঞ্চম এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে মুম্বাই। সমান ম্যাচে তৃতীয় হারের পরও ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই পাঞ্জাব।

মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রান করে স্বাগতিক দল।

মানান ভোহরা (৩৬), শন মার্শ (৩০) ও বীরেন্দর শেবাগ (১৭) দলকে দশম ওভারে ১ উইকেটে ৮৭ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি পাঞ্জাব। তারপরও অধিনায়ক জর্জ বেইলি (৩৯) ও রিশি ধাওয়ানের (১৪) দৃঢ়তায় দেড়শ’ পার হয় স্বাগতিকরা।

মুম্বাইয়ে পক্ষে জাসপিত বামরাহ ও শ্রেয়াস গোপাল দুটি করে উইকেট নেন।

জবাবে ১ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। প্রথম দেখায়ও পাঞ্জাবকে হারিয়েছিল শিরোপাধারীরা।

দলকে সহজ জয় এনে দেয়ায় সবচেয়ে বড় অবদান ১০০ রানে অপরাজিত থাকা সিমন্সের। তার ৬১ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা।

টি-টোয়েন্টিতে প্রথম শতক করার পথে মাইক হাসির (৬) সঙ্গে ৬৮, অম্বাতি রাইডুর (১৭) সঙ্গে ৪৩ ও অধিনায়ক রোহিত শর্মার (১৮) সঙ্গে ৩৭ রানের তিনটি চমৎকার জুটি উপহার দেন ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ।