২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

একমাত্র টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের নায়ক শেষ দিকে ‘ঝড়’ তোলা থিসারা পেরেরা ও তিন উইকেট নেয়া অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 02:40 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৩ রান করে শ্রীলঙ্কা।

২৪ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান ও কৌশল পেরেরার বিদায়ে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার।

তৃতীয় উইকেটে অভিষিক্ত কিথুরুয়ান ভিথানাগের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন লাহিরু থিরিমান্নে (৪০)। ৩৭ বল স্থায়ী জুটিতে ভিথানাগের অবদান ৩৮ রান।

এরপর নেতৃত্ব হারানো দীনেশ চান্দিমাল ও ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের দ্রুত বিদায়ে আবার অস্বস্তিতে পড়ে অতিথিরা। ১৫ ওভার শেষে দলটির স্কোর দাঁড়ায় ১২২/৫।

সেখান থেকে দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব ম্যাচ সেরা থিসারার। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ৩০ বলে ৬১ রান যোগ করে অতিথিরা।

মাত্র ১ রানের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হওয়া থিসারার (৪৯) ২০ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার হ্যারি গারনে। ২৬ রানে ২ উইকেট নেন বাঁহাতি এই পেসার।

জবাবে ৭ উইকেটে ১৭৪ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। এক প্রান্তে আলেক্স হেলস অবিচল থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে স্বাগতিকরা।

হেলস ও জস বাটলারের দৃঢ়তায় ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল অতিথিদের সমান ১২২। স্বাগতিকরা হারিয়েছিল অতিথিদের চেয়ে এক উইকেট কম- চারটি।

কিন্তু শেষ ৩০ বলে ৫২ রানের বেশি নিতে পারেনি ইংল্যান্ড। ১৯তম ওভারে বল করতে এসে মাত্র ৪ রান দিয়ে স্বাগতিকদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন মালিঙ্গা।

সর্বোচ্চ ৬৬ রান করেন হেলস। তার ৪১ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। এই রান করার পথে সবচেয়ে কম ইনিংসে (৩২) টি-টোয়েন্টিতে এক হাজার করার কেভিন পিটারসেনের রেকর্ড স্পর্শ করেন তিনি।

শেষ দিকে চেষ্টা করেছিলেন রবি বোপারা (অপরাজিত ২৮)। কিন্তু ৯ রানের ব্যবধান আর ঘুচাতে পারেননি।

মালিঙ্গা ৩ উইকেট নেন ২৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮৩/৭ (দিলশান ১৪, কৌশল ১০, ভিথানাগে ৩৮, থিরিমান্নে ৪০, চন্দিমাল ৭, ম্যাথিউস ১৩, থিসারা ৪৯, কুলাসেকারা ৯*; গারনে ২/২৬, রুট ১/১৬, ওয়কস ১/৩১, ট্রেডওয়েল ১/৪১, জর্ডান ১/৪৩)

ইংল্যান্ড: ২০ ওভারে ১৭৪/৭ (কারবেরি ৭, হেলস ৬৬, বেল ১৩, রুট ৫, মর্গান ৫, বাটলার ২৬, বোপারা ২৮*, জর্ডান ৫, ওয়কস ২*; মালিঙ্গা ৩/২৮, ম্যাথিউস ১/৭, থিসারা ১/২৪, কুলাসেকারা ১/৩৯, লাকমল ১/৪৪)

ম্যাচ সেরা: থিসারা পেরেরা।