২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজে স্বরূপে ফিরতে চান নাসির

ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বরূপে ফিরতে চান বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক নাসির হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 06:46 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। তার আগের দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির।

“ওয়েস্ট ইন্ডিজে আমি আগেও গিয়েছিলাম। সে সময় ১৩৬ রানের একটি ইনিংস খেলেছিলাম। আবারো ‘সেঞ্চুরি’ করার ইচ্ছা আছে। ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে তবে আমার ইচ্ছা আছে ভালো খেলার।”

শেষ কয়েকটি ইনিংসে নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির। বাজে সময় পেছনে ফেলে সফরেই স্বরূপে ফিরতে চান নাসির।

“যেসব ম্যাচে আমি রান পেয়েছি সেগুলো খুব ‘ক্লোজ’ হয়েছে বা আমরা জিতেছি। বেশ কয়েকটি ম্যাচে আমি রান পাইনি, সেসময় অনেক ম্যাচেই হেরেছি আমরা। সব সময়ই দলে অবদান রাখার চেষ্টা আমার থাকেই।”

“দলকে জিতিয়ে মাঠ ছাড়তে খুব ভালো লাগে। এটার মজা অন্যরকম। আমি সব সময় চেষ্টা করি তা করার। এবারো সেটা করার চেষ্টা করবো,” ফিনিশারের ভূমিকায় ফিরতে চান জানিয়ে যোগ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেনি ‘এ’ দল। ভালো ক্রিকেট খেলার মন্ত্র নিয়েই সেখানে যাচ্ছেন বলে জানান নাসির।

“জাতীয় দলের অনেকেই যাচ্ছেন সেখানে, তাই ভালো করার ব্যাপারে আমি আশাবাদী। দলের পেস আক্রমণও বেশ শক্তিশালী। ওদের পেস যাই হোক, আমি চাই তারা সঠিক লাইন লেন্থে অনুযায়ী বল করুক।”