রোমাঞ্চকর লড়াইয়ে ব্যাঙ্গালোরের জয়
স্পিন সহায়ক উইকেটে রোমাঞ্চকর লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
১১ খেলায় এটি ব্যাঙ্গালোরের পঞ্চম জয়। সমান খেলায় চেন্নাইয়ের তৃতীয় পরাজয়।
রোববার রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৩৮ রান করে চেন্নাই।
বরুণ অ্যারণের জোড়া আঘাতে পঞ্চম ওভারেই ২৯ রানে বিদায় নেন চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান।
তৃতীয় উইকেটে ডেভিড হাসির (২৫) সঙ্গে ৫৯ বল স্থায়ী ৭৫ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটে ১০৪ রানে পৌঁছে দিয়েছিলেন সুরেশ রায়না। কিন্তু শেষ ৩৩ বলে ৩৪ রানের বেশি তুলতে না পারায় দেড়শ’ পার হয়নি দলটির সংগ্রহ।
৬২ রানে অপরাজিত থাকা রায়নার ৪৮ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
ব্যাঙ্গালোরের পক্ষে বরুণ ২৯ রানে নেন ২ উইকেট।
জবাবে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।
চেন্নাইয়ের স্পিনারদের আঁটোসাটো বোলিংয়ে শুরু থেকেই রানের জন্য লড়াই করতে হয়েছে ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানদের। তবে উইকেট না হারানোয় এগিয়ে ছিল ব্যাঙ্গালোরই।
১৪ ওভার শেষে দলকে ১ উইকেটে ৭৫ রানে পৌঁছে দিয়েছিলেন ক্রিস গেইল ও বিরাট কোহলি (২৭)। শুরুতে একেবারে গুটিয়ে থাকলেও শেষ দিকে আক্রমণাত্মক ইনিংস খেলা গেইল ফেরেন ৪৬ রানে। তার ৫০ বলের ইনিংসে ছিল ৩টি করে ছক্কা ও চার।
শেষ দিকে এবি ডি ভিলিয়ার্স (১৪ বলে ২৮) ও যুবরাজ সিংয়ের (৯ বলে অপরাজিত ১৩) দুটি আক্রমণাত্মক ইনিংসে রোমাঞ্চকর লড়াইয়ে জয় তুলে নেয় ব্যাঙ্গালোর।
চেন্নাইয়ের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও হাসি দুটি করে উইকেট নেন।
