১২ বিশ্ববিদ্যালয় নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটকে জনপ্রিয় করতে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি ঘোষণা করে বিসিবি।
বিসিবির ক্রিকেট উন্নয়ন কমিটির সভাপতি খালেদ মাহমুদ সুজন বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটকে জনপ্রিয় করতে আমাদের এই উদ্যোগ। এবার ছোট করে হলেও পরের বার থেকে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটা আবার চালুর আহ্বান জানান।
তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিসিবির বিপণন কমিটির সভাপতি কাজী ইনাম আহমেদ বলেন, “আমাদের জাতীয় দলের অধিনায়ক একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। দলের অনেকেই আছেন, যারা খেলার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটা চালু হলে তাদের পড়াশোনার সুযোগ আরো বাড়বে।”
১২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে প্রতিযোগিতায়, যার পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন রেফ্রিজারেটর।খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২, ৩ ও ৪ নম্বর মাঠে।
প্রতিটি গ্রুপের সেরা দল খেলবে সেমি-ফাইনালে। চ্যাম্পিয়ন দল ১ লাখ টাকা ও রানার্সআপ দল ৫০ হাজার টাকা পুরস্কার পাবে।
‘এ’ গ্রুপে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়।
‘বি’ গ্রুপে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
‘সি’ গ্রুপের তিন দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
আর ‘ডি’ গ্রুপে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
গ্রুপ পর্বের খেলা হবে সোম ও মঙ্গলবার। প্রতিটি গ্রুপে সোমবার দুটি করে খেলা হবে।
বুধবার প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার হবে ফাইনাল।
