সোমবারের মধ্যে নতুন কোচ, বিবেচনায় হাথুরুসিংহে
সোমবারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম ঘোষণা করার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। তাদের বিবেচনায় আছে শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, আপাতত দুই জন কোচের সঙ্গে তাদের আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। এখন শুধু চুক্তির কিছু শর্ত নিয়ে আলোচনা হচ্ছে।
শুক্রবার বিসিবির সভা শেষে নাজমুল হাসান বলেন, “হাথুরুসিংহে ও আরেক জনের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এখনো চূড়ান্ত না হলেও আসতে রাজি দুজনই। এখনো কিছু ব্যাপারে আলোচনা চলছে। আশা করছি, সোমবারের মধ্যে আমরা নাম ঘোষণা করতে পারবো।”
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বে রয়েছেন হাথুরুসিংহে। একই সঙ্গে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবেও কাজ করছেন তিনি।
সম্ভাব্য অন্য কোচের নাম বলেননি বিসিবি সভাপতি।
নাজমুল জানান, দুই কোচের মধ্যে যিনি আগে আসতে পারবেন, তাকেই দায়িত্ব দেয়া হবে বলে।
“আমরা চাচ্ছি, যত দ্রুত সম্ভব কোচ নিয়ে আসতে। ভারতের সফরের আগেই তাকে দায়িত্ব দিতে চাই। আর একেবারেই না পারলে আপাতত স্থানীয় কাউকে দায়িত্ব দেয়া হবে। তবে বিশ্বকাপের আগে এ দুজনের একজনকেই কোচ করে আনব।”
