২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মূল্যে সম্প্রচারস্বত্ব পেল গাজী টিভি

আগামী ছয় বছরের জন্য বাংলাদেশে বিসিবির আয়োজন করা ক্রিকেট ম্যাচগুলোর সম্প্রচারস্বত্ব পেয়েছে গাজী টিভি। বাংলাদেশি এই টিভি চ্যানেলটিই দরপত্রে সবচেয়ে বেশি আর্থিক প্রস্তাব দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 03:01 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

বৃহস্পতিবার বোর্ড পরিচালকদের এক সভায় নতুন করে ছয় বছরের জন্য সম্প্রচারস্বত্বের ন্যূনতম মূল্য ২ কোটি ডলার ঠিক হয়েছিল। গাজী টিভি এর চেয়ে মাত্র ২৫ হাজার ডলার বেশি দিয়েই তা পেয়ে যায়।

শুক্রবার বিসিবির সভা শেষে গাজী টিভির সম্প্রচারস্বত্ব পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

“ন্যূনতম মূল্যের কিছু বেশি দিয়েছে গাজী টিভি। আমাদের মিটিংয়ে জানানো হল তাদের সব কাগজপত্র ঠিক আছে আর তারা আর্থিকভাবেও স্বচ্ছল। কোনো সমস্যা নেই, ওদের দেয়া যেতে পারে। তো আমরা তাদেরকে এই কাজটা দিয়েছি।”

এর আগে বিপণন কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ জানান, গাজী টিভি ২ কোটি ২৫ হাজার ডলার দর প্রস্তাব করেছে। 'প্রডাকশন’ খরচও দিতে হবে টেলিভিশন চ্যানেলটিকে।

বিসিবি নতুন টেলিভিশন সম্প্রচারস্বত্ব বিক্রি করছে চলতি বছরের মে মাস থেকে ২০২০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময়ের জন্য। এই সময়ে দেশের মাটিতে বাংলাদেশের ৩১টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা।

এর আগে নিমবাসের সঙ্গে ৬ বছরের জন্য ৫ কোটি ৬৮ লাখ ডলারের চুক্তি করেছিল বিসিবি, যা থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার পাওয়ার কথা বিসিবির। সে তুলনায় এবার অনেকটাই কম পাচ্ছে বিসিবি। তবে নিয়ে কোনো খেদ নেই তাদের।

ইনাম দাবি করেন, টেস্টে খরচ বেশি হয় আর আয় হয় কম। গতবার ২৩ টেস্ট হওয়ার কথা থাকলেও হয়েছিল ১৬টি আর এবার হতে পারে ৩১টি টেস্ট। আর আগেরবার ভারতের দুটি পূর্ণাঙ্গ সফর ছিল সঙ্গে দুটি ত্রিদেশিয় সিরিজও খেলেছিল তারা। এবার ফুটবল বিশ্বকাপের মধ্যে তিনটি ওয়ানডে খেলতে আসছে ভারত। আর আগামী বছর তিনটি ওয়ানডে আর একটি টেস্ট খেলতে আসবে তারা।

ইনাম মনে করেন, দুটি চুক্তির মধ্যে তুলনা টানা হলে এবার সম্ভাব্য সেরা মূল্য পেয়েছে বিসিবি।

নিম্বাসের পুরো অর্থ এখনো পায়নি বিসিবি। তবে এবার অর্থের জন্য ভুগতে হবে বলে মনে করেন না ইনাম। তিনি জানান, পুরো ছয় বছরই ব্যাংক গ্যারান্টি থাকায় অর্থ পাওয়া নিয়ে কোনো সংশয় থাকবে না।

“পুরো বছরের গ্যারান্টি তারা আগে দিয়ে দেবে। সেই বছরের পেমেন্ট তারা সিরিজ বাই সিরিজ করবে। সিকিউরিটি পুরো ছয় বছরই ব্যাঙ্কে থাকবে।”

এর আগে শুক্রবার রূপসী বাংলা হোটেলে সম্প্রচারস্বত্বের দরপত্রে বাংলাদেশের মিডিয়া কম ও গাজী টিভি তাদের আর্থিক প্রস্তাব জমা দেয়। তবে ন্যূনতম মূল্যের চেয়ে কম আর্থিক প্রস্তাব দেয়ায় বাদ পড়ে যায় মিডিয়া কম।