ম্যাক্সওয়েল-সাহা-ভোহরার তাণ্ডবে শীর্ষে পাঞ্জাব
আবারো জ্বলে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল। সঙ্গে তান্ডব ছড়ালো ঋদ্ধিমান সাহা ও মানান ভোহরার ব্যাট। আর এই তিন জনের ঝড়ো ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দরাবাদের কঠিন লক্ষ্য হেসেখেলেই পাড়ি দিল কিংস ইলেভেন পাঞ্জাব।
এই জয়ে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠল তারা। চেন্নাই সুপার কিংসের সমান ১৬ পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে আছে পাঞ্জাব।
বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রানের লড়াকু ইনিংস গড়ে স্বাগতিক দল। কিন্তু পাঞ্জাবের ব্যাটসম্যানদের দাপটে দুইশ’র বেশি রানের ইনিংসটাই পরিণত হয় বড় সাধারণ মানের। ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায় পাঞ্জাব।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা কিন্তু একদমই ভালো হয়নি পাঞ্জাবের। প্রথম ওভারের দ্বিতীয় বলেই পেসার ভুবনেশ্বর কুমারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান বীরেন্দর শেবাগ। তবে ভোহরা ও সাহার ৪১ বলে ৯১ রানের বিধ্বংসী জুটিতে শুরুর ধাক্কা সহজেই সামলে ওঠে পাঞ্জাব। ২৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন সাহা। আর ২০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন ভোহরা।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ভোহরার আউট হওয়ার সময় পাঞ্জাবের রান ১২৫। ইনিংসের আয়ু তখন মাত্র ৯.১ ওভার। ফলে ম্যাচটাও তখন পাঞ্জাবের হাতের মুঠোয়। আর ম্যাক্সওয়েল ঝড়ে লক্ষ্যটা আরো সহজ হয়ে ওঠে।
২২ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৩ রান করেন ম্যাক্সওয়েল। এবারের আসরে এখন পর্যন্ত সর্বাধিক রানের মালিকও অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। ১০ ম্যাচে তার মোট রান ৫১৭।
১৫৯ রানে ম্যাক্সওয়েল ফিরে গেলেও পাঞ্জাব শিবিরে বিপদ হয়নি। অস্ট্রেলিয়ার আরেক ব্যাটসম্যান জর্জ বেইলির ৩৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌছে তারা। বেইলির ১৯ বলের ইনিংসটি ২টি চার ও ৩টি ছক্কায় সাজানো।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চ (২০) ও শিখর ধাওয়ানের (৪৫) ব্যাটে হায়দরাবাদের ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। ৪৯ বলে ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ফিঞ্চ ধীরগতির ব্যাট করলেও আক্রমণাত্মক ব্যাটিং করেন ধাওয়ান। ৩৭ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর ইনিংসের সবচেয়ে কার্যকরী জুটিটি গড়েন নামান ওঝা ও ডেভিড ওয়ার্নার। দু'জনে মিলে ৪২ বলে ৮১ রান করেন। ওয়ার্নার ২৩ বলে সমান ৩টি করে চার ও ছক্কায় ৪৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেও হার মানেননি ওঝা। ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ৩৬ বলের ঝড়ো ইনিংসটি ৪টি চার ও ৭টি ছক্কায় সাজানো।
পাঞ্জাবের পক্ষে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন ওঝা।
