২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী দল

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে ফিরেছেন মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা ও কুমার সাঙ্গাকারা। দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন মাহেলা ও দিলশান। শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগেই যোগ দেবেন মালিঙ্গা ও সাঙ্গাকারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 12:07 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

ইংল্যান্ডেই আছেন সাঙ্গাকারা। ডারহামের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেটে খেলছেন তিনি। আর আইপিএলে খেলতে ভারতে রয়েছেন মালিঙ্গা।

ভিসার কারণে আয়ারল্যান্ড সফরে দলের সঙ্গে যোগ দিতে পারেননি অলরাউন্ডার থিসারা পেরেরা। তিনিও ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

দেশে ফিরে যাচ্ছেন পেসার সামিন্দা এরাঙ্গা, ধাম্মিকা প্রসাদ, ব্যাটসম্যান উপুল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েল্লা ও কিথুরুয়ান ভিথানাগে।

শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণ গড়া মালিঙ্গা, থিসারা, নুয়ান কুলাসকারা ও সুরঙ্গা লাকমলে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসেরও সহায়তা পাবেন তারা।

মিডল অর্ডার ব্যাটসম্যান আশনা প্রিয়াঞ্জন ও স্পিন অলরাউন্ডার চতুরঙ্গ ডি সিলভাকেও দলে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। টেস্টে সিরিজের আগে বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে বিশ্রাম দিয়েছে অতিথিরা। তার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার চতুরঙ্গ।

২২ মে লন্ডনে হবে সিরিজের প্রথম ওয়ানডে। চলতি বছর খেলা নয়টি ওয়ানডেতেই জিতেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দীনেশ চান্দিমাল, আশনা প্রিয়াঞ্জন, সচিত্রা সেনানায়েকে, আজন্তা মেন্ডিস, চতুরঙ্গ ডি সিলভা, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা ও সুরঙ্গা লাকমল।