২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজে ফিল্ডিংকেই দায়ী করলেন উত্তরাঞ্চলের কোচ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের কাছে ২১৩ রানের হারের জন্য দলের বাজে ফিল্ডিংকেই দায়ী করলেন বিসিবি উত্তরাঞ্চলের কোচ ওয়াহিদুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 05:42 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনের খেলা শেষে ওয়াহিদুল বলেন, “আমাদের ফিল্ডিং ভালো হয়নি। দ্বিশতক করা ইমরুলের চারটি ক্যাচ ছেড়েছি আমরা। শতক করা মিঠুনের একটি সহজ স্ট্যাম্পিংও হাতছাড়া হয়েছে।”

ফাইনালের সেরা খেলোয়াড় ইমরুল আর মিঠুনই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকা বিভাগের শিরোপা জয়ী কোচ।

ওয়াহিদুল মনে করেন, সকালে প্রথম তিন ওভারে নাসির হোসেন ও তানভীর হায়দারের উইকেট না হারালে তার দলের জয়ের ভালো সম্ভবনা ছিল।

“আগের দিন নাসির, ফরহাদ চমৎকার ব্যাট করেছেন। আজ পুরো দিন ব্যাট করতে পারলে আমাদের জেতার ভালো সম্ভাবনা ছিল। নাসির পেসার আল-আমিনের চমৎকার একটি বলে আউট হয়ে গেছেন। সকালের সেশনটা উইকেট না হারিয়ে কাটিয়ে দিতে পারলে আমাদের সুযোগ থাকতো।”

টানা দ্বিতীয়বার বিসিএলের ফাইনালে হারের জন্য শতক করেও উচ্ছ্বাস নেই ফরহাদ হোসেনের কণ্ঠে।

“দলকে বাঁচানো মূল লক্ষ্য ছিল। যতক্ষণ ছিলাম চিন্তা ছিল যত বেশি সময় ব্যাট করা যায়। উইকেট যত সম্ভব দেরিতে দিতে চেয়েছিলাম। শতকের একটা অনুভূতি আছে। তবে আবারো রানার্সআপ হয়ে দুঃখ পেয়েছি।”

পঞ্চম দিনের পরিকল্পনা সম্পর্কে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, “আমাদের লক্ষ্য ছিল, প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারানোর। এ সময় কোনো উইকেট না হারালে আমাদের জেতার সম্ভাবনা থাকতো। কিন্তু দ্বিতীয় ওভারেই নাসির বিদায় নেয়। তৃতীয় ওভারে তানভীয় ফিরে যায়। এখানটাতেই আমরা পিছিয়ে পড়ি।”