২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেস সহায়ক উইকেট প্রয়োজন’

টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য পেস সহায়ক উইকেট প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপাজয়ী প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের কোচের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন। একই সঙ্গে মানসম্পন্ন প্রথম শ্রেণির ম্যাচ খেলার দিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান সাবেক এই অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 05:00 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনালের পঞ্চম ও শেষ দিনের খেলা শেষে মাহমুদ বলেন, “উন্নতির জন্য আমরা যত বেশি ‘কোয়ালিটি’ ম্যাচ খেলবো তত ভালো হবে।”

পেসসহায়ক উইকেট প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, “একজন প্লেয়ারকে তৈরি করা হয় জাতীয় দলে খেলানোর জন্য। ঘরোয়া ম্যাচ ৯০ শতাংশ বল করে স্পিনাররা। আর ১০ শতাংশ বল করে পেসাররা। টেস্টে কিন্তু অবস্থাটা সম্পূর্ণ বিপরীত। সেখানে ৯০ শতাংশ বল পেসাররা করে।”

“সেভাবে ছেলেদের তৈরি করতে না পারলে তাদের খামাখা দোষারোপ করে লাভ নেই। ‘স্পোর্টিং’ উইকেট হলেই কেবল এমন কিছু সম্ভব। তবে হঠাৎ করে সম্ভব নয়। আমরা আস্তে আস্তে জিনিসগুলো পরিবর্তন করবো,” যোগ করেন বিসিবির এই পরিচালক।

বিসিএলের চারটি দলকে সমমানের বললেও বোলিং শক্তির বিচারে নিজেদেরই এগিয়ে রাখছেন মাহমুদ।

“রবিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন, সাকিব আল হাসান (যদিও খেলেননি), সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক জাতীয় দলের সব বোলার কিন্তু আমার দলে। এনামুল হক, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মিঠুন আলীর উঁচু মানের ব্যাটিং অর্ডারও আমাদের রয়েছে।”

মঙ্গলবার শেষ বিকেলে দলের ফিল্ডিং আর ‘বডি ল্যাঙ্গুয়েজ’ মেনে নিতে পারেননি মাহমুদ। বুধবার ছেলেদের ইতিবাচক ‘বডি ল্যাঙ্গুয়েজ’ দেখতে চান বলে সকালেই শিষ্যদের জানিয়েছিলেন তিনি। হতাশ করেননি রাজ্জাকরা। আক্রমণাত্মক ক্রিকেট খেলেই এক সেশনের মধ্যে প্রতিপক্ষের শেষ ৭ উইকেট তুলে নেন তারা।

দ্বিতীয় রাউন্ড শেষে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিল দক্ষিণাঞ্চল। শেষ ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ২৪ পয়েন্ট পেয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।

বিসিএলে অনেক নৈপুণ্য নজর কেড়েছে মাহমুদের। দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাজ্জাক, টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম, ফাইনালের সেরা খেলোয়াড় ইমরুল, মিঠুনের পাশাপাশি মুস্তাফিজুর রহমানের মতো তরুণ বাঁহাতি পেসার বিসিএলে খুব ভালো খেলেছে বলে মনে করেন তিনি।