২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএল শিরোপা দক্ষিণাঞ্চলের

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের দেয়া বিশাল লক্ষ্য শেষ দিনে আর তাড়া করতে পারেনি বিসিবি উত্তরাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে তাদের সহজেই ২১৩ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে দক্ষিণাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 11:53 AM

Updated : 13 Oct 2022, 12:05 PM

প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ড্র হলেও শিরোপা জিততো খুলনা বিভাগ ও বরিশাল বিভাগকে নিয়ে গড়া দক্ষিণাঞ্চল। রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগকে নিয়ে গড়া উত্তরাঞ্চলকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছে দলটি।

জয়ের জন্য শেষ দিন ৭ উইকেট প্রয়োজন ছিল দক্ষিণাঞ্চলের। আর টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলা উত্তরাঞ্চলের প্রয়োজন ছিল ৩১৯ রান।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ২৫৪ রান নিয়ে খেলা শুরু করা উত্তরাঞ্চল তাকিয়ে ছিল আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাসির হোসেন ও ফরহাদ হোসেনের দিকে।

আগের দিন লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ দিন আর পারেনি উত্তরাঞ্চল। চতুর্থ উইকেট জুটির প্রতিরোধ ভাঙার পর নিয়মিত উইকেট হারানোয় পঞ্চম দিনের প্রথম সেশনেই ৩৫৯ রানে অলআউট হয়ে যায় দলটি।

দিনের দ্বিতীয় ওভারেই আল-আমিন হোসেনের চমৎকার এক বলে নাসির (৬৭) বোল্ড হয়ে গেলে বড় একটা ধাক্কা খায় উত্তরাঞ্চল। পরের ওভারেই তানভীর হায়দারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

ফরহাদ হোসেন তখনো উইকেটে ছিলেন বলে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল দক্ষিণাঞ্চল। কিন্তু পরপর দুই ওভারে ফরহাদ রেজা (১৬) ও ফরহাদ হোসেনকে (১২৯) বিদায় করে দক্ষিণাঞ্চলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন আব্দুর রাজ্জাক।

অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে এরপর আর বেশি দূর এগোয়নি উত্তরাঞ্চলের ইনিংস। ১০২ রানে ৬ উইকেট নিয়ে অধিনায়ক রাজ্জাকই দক্ষিণাঞ্চলের সেরা বোলার।

শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দ্বিশতক করা ইমরুল কায়েস হয়েছেন ম্যাচ সেরা; পেয়েছেন ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। ৫১১ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকও এই বাঁহাতি ব্যাটসম্যান।

টানা দ্বিতীয়বার রানার্সআপ হওয়া উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। ১৭.২৪ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ৭ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার। ইনিংস সেরা ৮/৮৬। ম্যাচ সেরা ১২/১২২।

চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল ৩৫ লাখ টাকা এবং রানার্সআপ উত্তরাঞ্চল ১৫ লাখ টাকা পেয়েছে।