২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসির ও ফরহাদের ম্যাচ বাঁচানোর লড়াই

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে জয়ের জন্য বিসিবি উত্তরাঞ্চলকে ৫৭৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। তবে ফরহাদ হোসেন ও নাসির হোসেনের দৃঢ়তায় ম্যাচে টিকে আছে উত্তরাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 06:30 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ২৫৪ রান করেছে উত্তরাঞ্চল।

মঙ্গলবার পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য আর ৭ উইকেট চাই দক্ষিণাঞ্চলের। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিড নেয়ায় শিরোপা জিতবে তারাই। আর শিরোপা জিততে উত্তরাঞ্চলকে করতে হবে আরো ৩১৯ রান।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৪১০ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। দিনের শুরুতেই বিদায় নেন আগের দিন শতকে পৌঁছানো মোহাম্মদ মিঠুন (১২৬)।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক আব্দুর রাজ্জাক (৩৩) ও তাইবুর পারভেজ (৩১) দলকে ৫৩৬ পর্যন্ত নিয়ে যান।

উত্তরাঞ্চলের পক্ষে পেসার শুভাশীষ রায় ১২৮ রানে নেন ৩ উইকেট। ফরহাদ রেজা (২/৫৯) ও তাইজুল ইসলাম (২/১৫৬) নেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ৮৬ রানে ৮ উইকেট নেয়ায় ম্যাচে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাঁহাতি স্পিনার তাইজুল।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জুনায়েদ সিদ্দিকের (৫১) অর্ধশতকের পরও ১২৬ রানে ৩ উইকেট হারালেও ফরহাদ হোসেন ও নাসিরের দৃঢ়তায় প্রতিরোধ গড়েছে উত্তরাঞ্চল।

নাসিরের (অপরাজিত ৬৭) সঙ্গে অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি গড়া ফরহাদ হোসেন ব্যাট করছেন ৮৫ রানে। তার ১৫৪ বলের ইনিংসে ছিল ৯টি চার।

দক্ষিণাঞ্চলের পক্ষে রাজ্জাক ২ উইকেট নেন ৭৬ রানে।