২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবকে হারাল কলকাতা

কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাবেক চ্যাম্পিয়নদের জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক গৌতম গম্ভীর ও দলে ফেরা লেগস্পিনার পীযুষ চাওলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 08:32 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

নয় খেলায় এটি কলকাতার চতুর্থ জয়। অন্য দিকে সমান খেলায় পাঞ্জাবের দ্বিতীয় হার।

রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৯ রান করে পাঞ্জাব।

পাঞ্জাবের হয়ে প্রায় একাই লড়েছেন বীরেন্দর শেবাগ। ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৫০ বলে ৭২ রানের আক্রমণাত্মক ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা।

দলের ছয় ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও শেবাগ ছাড়া আর কেউ ২০ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে।

গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলারদের দ্রুত বিদায়ে সংগ্রহ আরো বড় হয়নি পাঞ্জাবের।

কলকাতার সেরা বোলার চাওলা ৩ উইকেট নেন ১৯ রানে। সাকিব আল হাসানের বদলে দলে আসা মরনে মরকেল দুই উইকেট নেন ২০ রানে।

জবাবে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

রবিন উথাপ্পার সঙ্গে ৬৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন গম্ভীর। উথাপ্পার (৪৬) বিদায়ে ভাঙে ৭ ওভার স্থায়ী জুটি।

এরপর দ্বিতীয় উইকেটে মনিশ পাণ্ডের (অপরাজিত ৩৬) সঙ্গে অবিচ্ছিন্ন ৮২ রানের জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন গম্ভীর। ৬৩ রানে অপরাজিত গম্ভীরের ৪৫ বলের ইনিংসে ছিল ৭টি চার।