২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো চেহারায় মুম্বাই

টানা পাঁচ ম্যাচ হারের পর দুই জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু শনিবার পুরনো চেহারাতেই ফিরেছে দলটি। ১৫৮ রানের লক্ষ্য দিয়ে চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে শিরোপাধারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 12:12 AM

Updated : 13 Oct 2022, 12:05 PM

কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে দুবার হারলেও অন্য দলগুলোর কাছে রীতিমত অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংস। নয় খেলায় এটি তাদের সপ্তম জয়। অন্য দিকে মুম্বাইয়ের আট খেলায় ষষ্ঠ পরাজয়।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৭ রান করে স্বাগতিক দল।

শুরুতেই উইকেট হারালেও লেন্ডল সিমন্সের (৩৮) সঙ্গে ৬১ ও অধিনায়ক রোহিত শর্মার (১৯) সঙ্গে ৪৫ রানের জুটি দুটি জুটি গড়ে দলকে ২ উইকেটে ১২২ রানে পৌঁছে দেন অম্বাতি রাইডু (৫৯)। তার ৪৩ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্বা।

শেষ দিকে কোরি অ্যান্ডারসনের (৬ বলে অপরাজিত ১৮) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দেড়শ পার হয় স্বাগতিকদের সংগ্রহ।

৩০ রানে ৩ উইকেট নিয়ে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ের সেরা বোলার।

জবাবে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

ব্রেন্ডন ম্যাককালাম (১৩) ও সুরেশ রায়না দ্রুত ফিরলে ফাফ দু প্লেসির সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে আসেন ছন্দে থাকা ডোয়াইন স্মিথ।

প্রভিন কুমারের বলে বোল্ড হয়ে বিদায় নেয়ার আগে ৫৭ রান করেন স্মিথ। তার ৫১ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। এরপর বেশিক্ষণ টেকেননি দু প্লেসিও (৩১)।

লাসিথ মালিঙ্গার করা উনিশতম ওভারে রবীন্দ্র জাদেজা ও মিঠুন মানহাসের বিদায়ে আশা জেগে উঠে স্বাগতিক শিবিরে। কিন্তু কাইরন পোলার্ডের করা শেষ ওভারের প্রথম তিন বল থেকে দলকে জয় এনে দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১২ বলে অপরাজিত ২২)।

মুম্বাইয়ের পক্ষে মালিঙ্গা ও প্রভিন দুটি করে উইকেট নেন।