বোলারদের নৈপুণ্যে দক্ষিণাঞ্চলের লিড
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের দ্বিতীয় দিনেও বোলাররা দাপট দেখিয়েছে। পেসার আল-আমিন ও তার সতীর্থ বোলারদের নৈপুণ্যে বিসিবি উত্তরাঞ্চলকে ২৩৫ রানে বেধে ফেলে প্রথম ইনিংসে লিড নিয়েছে প্রাইম ব্যাঙ্ক দক্ষিণাঞ্চল।
৩৬ রানে এগিয়ে থেকে রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে তারা।
প্রথম দিনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৭১ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। ৮ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি ঐ স্পিনার।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ১৫ রান নিয়ে ব্যাট করতে নামা উত্তরাঞ্চল দিনের শুরুতেই পথ হারায়। দলীয় ৩৮ রানে আল-আমিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জুনায়েদ সিদ্দিক (২৫)।
তারপর ফরহাদ হোসেন ও মাইশুকুর রহমান ৬০ রানের জুটি গড়লেও তা যথেষ্ট ছিল না। ৯৮ রানে ফরহাদকে (৩২) কট বিহাইন্ড করে জুটিটি ভাঙেন শুভাগত হোম।
এরপর নিজের পরপর দুই ওভারে নাঈম ইসলাম (০) ও মাইশুকুরকে (৪২) ফিরিয়ে দেন আল-আমিন। ১০৪ রানে ৪ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি উত্তরাঞ্চল।
বিসিএলের ফাইনালে ৭০ রানের চমৎকার ইনিংস খেলেন নাসির হোসেন। ছবি:বিসিবি।
বিসিএলের ফাইনালে ৭০ রানের চমৎকার ইনিংস খেলেন নাসির হোসেন। ছবি:বিসিবি।
দক্ষিণাঞ্চলের সফলতম বোলার আল-আমিন ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক ও শুভাগত।
