২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ সফরে 'এ' দলের অধিনায়ক নাসির

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শক্তিশালী বাংলাদেশ 'এ' দল ঘোষণা করেছে বিসিবি। দলের অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেনকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সঙ্গে সফরসূচিও প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে 'এ' দল।

১৫ সদস্যের দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাঈম ইসলাম। দলে আরো আছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলে থাকা মুমিনুল হক, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, শামসুর রহমান, সোহাগ গাজী ও রবিউল ইসলামকে।

এদের বাইরে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি।

নয় টেস্ট খেলোয়াড়ের পাশাপাশি এবারই প্রথমবারের মতো দেশের দ্বিতীয় সেরা দলটিতে সুযোগ পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান।

সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সর্বোচ্চ রান করার পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন মজিদ। চলমান বিসিএলে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা তাইজুল। আর এনসিএলে ঢাকা বিভাগকে শিরোপা এনে দেয়ায় বড় অবদান ছিল হাসানের।

এদের সঙ্গী ছন্দে থাকা অলরাউন্ডার মুক্তার আলী ও পেসার শুভাশীষ রায়।

অগাস্ট-সেপ্টেম্বরে জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বলে ‘এ’ দলের সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে। সফরটিকে ছন্দ হারিয়ে ফেলা ক্রিকেটারদের ছন্দে ফেরার আরেকটি সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

“ছন্দ হারালেই কাউকে সঙ্গে সঙ্গে করে বাদ দেয়া যায় না। তাকে ফেরার সুযোগ দিতে হয়। আবার নতুন অনেকেই আছে যারা ভালো করছে, তাদেরও একটা সুযোগ প্রাপ্য। সব কিছু বিবেচনা করেই এই দল ঘোষণা করা হয়েছে।”

আগামী ২২ মে বার্বাডোজে পৌছবে বাংলাদেশ দল। দেশের উদ্দেশে ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপরাষ্ট্রটি তারা ছাড়বে ১৬ জুন।

বাংলাদেশ 'এ' দল: নাসির হোসেন (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, আবদুল মজিদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সোহাগ গাজী, মুক্তার আলী, ইলিয়াস সানি, রবিউল ইসলাম, শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম।

সফরসূচি:

তারিখ

ম্যাচ

মাঠ

২২ মে

বার্বাডোজে পৌঁছবে 'এ' দল

 

২৬-২৯ মে

প্রথম চার দিনের ম্যাচ

উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব, বার্বাডোজ

২-৫ জুন

দ্বিতীয় চার দিনের ম্যাচ

কেনসিংটন ওভাল, বার্বাডোজ

৮ জুন

প্রথম এক দিনের ম্যাচ

কেনসিংটন ওভাল, বার্বাডোজ

৯ জুন

অতিরিক্ত দিন

 

১০ জুন

দ্বিতীয় এক দিনের ম্যাচ

উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব, বার্বাডোজ

১১ জুন

অতিরিক্ত দিন

 

১২ জুন

তৃতীয় এক দিনের ম্যাচ

কার্লটন ক্রিকেট গ্রাউন্ড, বার্বাডোজ

১৩ জুন

অতিরিক্ত দিন

 

১৪ জুন

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

কেনসিংটন ওভাল, বার্বাডোজ

১৫ জুন

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

থ্রি ডব্লিউস ওভাল, বার্বাডোজ

১৬ জুন

'এ' দলের প্রস্থান