২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাদে জড়িয়ে পোলার্ড-স্টার্কের জরিমানা

আইপিএলের ম্যাচ চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য শাস্তি পেয়েছেন কাইরন পোলার্ড ও মিচেল স্টার্ক। মুম্বাই ইন্ডিয়ান্সের পোলার্ডকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্টার্ককে গুণতে হবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 06:11 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

গত ৬ জুন মুম্বাই ও ব্যাঙ্গালোরের ম্যাচ চলার সময় অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ১৭তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার স্টার্কের একটি বাউন্সারে হুক করতে গিয়ে পরাস্থ হন ক্যারিবীয় ব্যাটসম্যান পোলার্ড। এরপর পোলার্ডকে কিছু কথা বলেন স্টার্ক। পউত্তরে স্টার্কের দিকে বিরক্তভাবে হাত নাড়েন পোলার্ড।

পরের বলটি করার জন্যে যথন রানআপে ছুটে আসছিলেন স্টার্ক তখন বলটি না খেলার ইচ্ছাই লেগের দিকে সরে যান পোলার্ড। স্টার্ক তা বুঝলেও না থেমে পোলার্ডের দিকেই বলটি করেন তিনি। আর তাতে ক্ষেপে গিয়ে হাতের ব্যাটটি স্টার্ককে লক্ষ্য করে ছুড়ে মারতে যান পোলার্ড। যদিও তার হাত থেকে ব্যাট পিছলে যাওয়ায় শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।

ম্যাচটিতে ধীর ওভার রেটের কারণে দুই দলের অধিনায়ককেই জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচেও একই অপরাধের জন্যে জরিমানা গুণতে হয়েছিল মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে। দ্বিতীয়বারের মতো এই অপরাধ করায় ২৪ লাখ রুপি জরিমানা দিতে হবে তাকে।

আর ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলির এটা প্রথম অপরাধ হওয়ায় তাকে ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে।