কলকাতাকে জেতালেন সাকিব আর গম্ভীর
সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল আগের চার ম্যাচে হারা কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে পাওয়া ৮ উইকেটের জয়ে ৬৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলা গৌতম গম্ভীরের অবদানও কম নয়।
আট খেলায় এটি কলকাতার তৃতীয় জয়। সমান খেলায় দিল্লির ষষ্ঠ হার।
ব্যাটিংয়ে নামতেই হয়নি সাকিবকে। বোলিংয়ে এক উইকেট পেলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র ১৩। হিসেবি বোলিং করে খুব ভালোভাবেই তিনি বেধে রেখেছিলেন দিল্লির ব্যাটসম্যানদের।
বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬০ রান করে স্বাগতিক দল।
নবম ওভারে ৬১ রানে মুরালি বিজয় (২৪), কুইন্টন ডি কক (১০) ও অধিনায়ক কেভিন পিটারসেনের বিদায়ে শুরুটা ভালো হয়নি দিল্লির।
তবে জেপি ডুমিনি, দীনেশ কার্তিক (২২ বলে ৩৬) ও কেদার যাদবের দৃঢ়তায় দেড়শ পার হয় স্বাগতিকদের সংগ্রহ। ষষ্ঠ উইকেটে যাদবের (১৫ বলে অপরাজিত ২৬) সঙ্গে ২৫ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ডুমিনি (২৮ বলে অপরাজিত ৪০)।
জবাবে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
রবিন উথাপ্পার সঙ্গে গম্ভীরের ১০৬ রানের জুটিতে সহজ জয়ের দিকে এগিয়ে যায় কলকাতা। ওয়েইন পার্নেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে উথাপ্পা (৪৭) বিদায় নিলে ভাঙে ৭১ বল স্থায়ী জুটি।
দ্বিতীয় উইকেটে মনিশ পাণ্ডের সঙ্গে ৪৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন গম্ভীর। পার্নেলের দ্বিতীয শিকারে পরিণত হওয়ার আগে গম্ভীরের ব্যাট থেকে আসে ৬৯ রানের অসাধারণ এক ইনিংস। তার ৫৬ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ২টি ছক্কায়।
বাকি কাজটুকু সহজেই সারেন মনিশ (অপরাজিত ২৩) ও জ্যাক ক্যালিস (অপরাজিত ১০)।
