মোদির কারণে অ্যাসোসিয়েশনই বরখাস্ত
লোলিত মোদিকে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে আদালতের রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রদেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশনকেই নিষিদ্ধ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে মোদিকে ঘিরে চলমান বিতর্ক শেষ না হওয়া পর্যন্ত প্রদেশটির ক্রিকেটারদের যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সেজন্যে একটি অ্যাড-হক কমিটি কাজ করবে বলে জানিয়েছে বিসিসিআই।
এর আগে সভাপতি নির্বাচনে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনে (আরসিএ) ৩৩ ভোটের মধ্যে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোদি। মোদি জয়ী হওয়ার পরই তার নির্বাচিত হওয়াকে আইন বহির্ভুত বলে চ্যালেঞ্জ করে বিসিসিআই। কিন্তু মঙ্গলবার মোদিকেই সভাপতি ঘোষণা করে সুপ্রিম কোর্ট।
আরসিএকে নিষিদ্ধ করার কারণ হিসেবে বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল বলেন, “বিসিসিআইয়ে এরই মধ্যে মোদি বহিষ্কৃত। আর এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জও করেননি তিনি। এগুলো সবার জানা। সুতরাং আমাদের কাছে(বিসিসিআইয়ের) মোদির কোনো অস্তিত্বই নেই।”
বোর্ডের নিয়ম ভাঙার দায়ে আইপিএলের প্রথম চেয়ারম্যান মোদিকে গত সেপ্টেম্বরে আজীবন নিষিদ্ধ করে বিসিসিআই।
