২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের সঙ্গে মানানসই কোচ খুঁজছে কমিটি

শেন জার্গেনসেন যুগ শেষ। এখন নতুন কোচ খুঁজতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) গঠন করা পাঁচ পরিচালকের বিশেষ কমিটি। শিগগির নতুন কোচ পাওয়ার ব্যাপারে আশাবাদী কমিটির অন্যতম সদস্য আকরাম খান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:34 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম বলেন, “দেশের জন্য সবচেয়ে ভালো হবে এমন কোচ খুঁজছি আমরা। বেশ কয়েক জনের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি শিগগির নতুন কোচ পেয়ে যাব।”

শুধু জাতীয় দলের প্রধান কোচই নয়; ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের জন্য বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার খুঁজছে বিসিবি। একই সঙ্গে অ্যাকাডেমি কোচেরও সন্ধান করতে হচ্ছে তাদের।

জার্গেনসেনের সঙ্গে বিদায় দেয়া হয়েছে জাতীয় দলের ফিল্ডিং কোচ কোরি রিচার্ডসকেও।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম মানছেন, এক সঙ্গে অনেক কোচ খোঁজার কাজটি বেশ কঠিন। কারো নাম না বললেও ‘হাইপ্রোফাইল’ ও অভিজ্ঞ কোচদের সঙ্গেই আলোচনা চলছে বলে জানান তিনি।

আপাতত নিজেদের পছন্দের কোচদের কাছে যাচ্ছে বিসিবির প্রস্তাব। আকরাম আশাবাদী তাদের মধ্য থেকেই কেউ হবেন জার্গেনসেনের উত্তরসূরী।

টাকা-পয়সার ব্যাপার তো আছেই পরিবার ছেড়ে এতো দূরে এসে কাজ করায়ও কোচদের অনীহা রয়েছে। তবুও ভালো কোচ পাওয়ার আশা ছাড়ছেন না আকরাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে সাংবাদিকদের ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, প্রস্তাব পেলে বিবেচনা করবেন তিনি। তবে তাকে প্রস্তাব দেয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কলকাতার এক টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেই ৬ কোটি রূপির মতো পান এই বাঁহাতি ব্যাটসম্যান।

কমিটির অন্য চার সদস্য হলেন মাহবুব আনাম, জালাল ইউনুস, সাবেক দুই অধিনায়ক নাঈমুর রহমান ও খালেদ মাহমুদ সুজন।