ওয়াটসন তাম্বের বোলিংয়ে ফের হেরেছে সাকিবরা
প্রভিন তাম্বের হ্যাটট্রিক আর শেন ওয়াটসনের বিধ্বংসী এক ওভারেই হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। কলকাতাকে ১০ রানে হারিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস।
টানা চতুর্থ ম্যাচ হারলো সাকিবের দলটি, সব মিলিয়ে পঞ্চম হার। আর রাজস্থানের এটি পঞ্চম জয়।
সোমবার ১৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রবিন উথাপ্পা আর গৌতম গম্ভীরের শতরানের জুটিতে সহজ জয়ের স্বপ্ন দেখলেও ২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
শেষ দিকে সাকিব আল হাসান ১৪ বলে ১টি করে চার ও ছক্কায় অপরাজিত ২১ রান করলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি কলকাতা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬০ রান তুলতে পারে তারা।
আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটা হয়েছিল বেশ ভালো। দলের কেউই ব্যক্তিগত খুব বড় ইনিংস গড়তে পারেননি। তবে ৩৯ বলে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়েন অজিঙ্কা রাহানে ও করুণ নায়ার। ২২ বলে ৩০ রান করে রাহানে রান আউট হয়ে গেলেও ছিলেন নায়ার।
সাঞ্জু স্যামসনের (৩১ বলে ৩৭ রান) সঙ্গে ৪২ বলে ৫৩ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন নায়ার। সাকিব আল হাসানের বলে স্টাম্পিং হওয়ার আগে ৩৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করেন তিনি।
একমাত্র নায়ারের উইকেটটিই পেয়েছেন সাকিব কিন্তু ৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ২৫।
তবে ইনিংসের ১৬তম ওভারে বিনয় কুমারের বলে দুটি ছক্কা ও ১টি চার মেরে ১৯ রান নিয়ে বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন শেন ওয়াটসন। কিন্তু সুনীল নারায়নের হিসেবি বোলিংয়ে শেষ ৪ ওভারে ৩৫ রানের বেশি করতে পারেনি রাজস্থান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭০ রান তোলে তারা।
২০ বলে ২টি করে চার ও ছক্কায় ৩১ রান করেন অধিনায়ক ওয়াটসন। ২৮ রান দিয়ে দুটি উইকেট নেন নারায়ন। দুই উইকেট নিয়েছেন কুমারও।
জবাবে রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীরের শতরানের জুটিতে দারুণ শুরু করে নাইটরা। ৮৫ বলে ১২১ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা।
কিন্তু শেন ওয়াটসনের দুর্দান্ত একটি ওভারে মুহূর্তের মধ্যে ম্যাচের গতিপথ পাল্টে যায়। ওয়াটসনের করা পনেরতম ওভারের প্রথম ও তৃতীয় বলে ফিরে যান গম্ভীর ও উথাপ্পা, আর শেষ বলে আউট হয়ে যান আন্দ্রে রাসেল। ৫২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৫ রান করেন উথাপ্পা আর ৩৪ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৪ রান করেন গম্ভীর।
১ রান দিয়ে ৩ উইকেট নেয়া ওয়াটসনের বিধ্বংসী ওই ওভারের পরই প্রভিন তাম্বের জাদুকরী ওভার। আসরের প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়তে একে একে ফিরিয়ে দেন মানিশ পান্ডে, ইউসুফ পাঠান ও রায়ান টেন ডেসকাটকে। আইপিএলের ইতিহাসে এটা দ্বাদশ হ্যাটট্রিক।
ফলে বিনা উইকেটে ১২১ রান থেকে কলকাতার স্কোর পরিণত হয় ১২৩/৬-এ। এই অবস্থা থেকে ফিরে আর ম্যাচ জেতা হয়নি কলকাতার।
