২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোচ খুঁজতে কমিটি

জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ খোঁজার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 07:58 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান প্রধান কোচ শেন জার্গেনসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দেয়া হচ্ছে। দ্রুতই নতুন কোচ নিয়োগ দেয়া হবে।

“একটা বিশেষ কমিটি গঠন করেছি, যারা নতুন কোচ আর সাপোর্ট স্টাফদের খোঁজ বিসিবিকে জানাবে। আশা করছি, এক থেকে দেড় মাসের মধ্যে নতুন কোচ এবং স্টাফ পেয়ে যাব।”

এই কমিটিতে রয়েছেন বিসিবির পাঁচ পরিচালক। মাহবুব আনাম ও জালাল ইউনুসের সঙ্গী সাবেক তিন অধিনায়ক আকরাম খান, নাঈমুর রহমান ও খালেদ মাহমুদ সুজন।

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছিল জার্গেনসেনকে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের চুক্তির মেয়ার শেষ হওয়ায় বিদায় নেন জেমি সিডন্স। এরপর স্টুয়ার্ট ল, রিচার্ড পাইবাস ও জার্গেনসেনকে দায়িত্ব দেয় বোর্ড। তাদের কেউই মেয়াদ শেষ করেননি।

নাজমুল হাসান জানান, পদত্যাগপত্র পাওয়ার পর থেকেই নতুন কোচ খোঁজার কাজ শুরু হয়েছে।

“পদত্যাগপত্র পাওয়ার পর থেকে অনেকের সঙ্গেই কথাবার্তা বলেছি। ৫/৬ জনের সঙ্গে এখনো আমাদের আলোচনা চলছে।”

জুন মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বিসিবি সভাপতি জানান, নতুন কোচ পাওয়া না গেলে সেই সিরিজে স্থানীয় কাউকে দায়িত্ব দেয়া হবে।

“এখন পর্যন্ত যে আলাপ আলোচনা হচ্ছে, তাতে মনে হচ্ছে পেয়ে যাব। সমস্যা হচ্ছে, কোনো কোচ তো একেবারে ফ্রি না। সে যেখানে আছে, সেখান থেকে ছাড়তে তার কতদিন লাগবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুয়েকজনের সঙ্গে কথা হয়েছে তারা শিগগির আসার আগ্রহ দেখিয়েছেন।”

স্থানীয় কোচরা বিসিবির ভাবনায় থাকলেও আপাতত বিদেশি কোচই খোঁজা হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি।

“জাতীয় দল এখন যে পর্যায়ে আছে, আর বিশ্বকাপের মতো এতো বড় দায়িত্ব নেয়ার মতো এখনো স্থানীয় কোচ কেউ নেই। তবে সম্ভাবনাময় অনেকেই আছেন যারা সামনে এই দায়িত্ব নিতে পারে।”

“সব জায়গায় যোগাযোগ করেছি এবং করছি। আমরা ডেভেলপমেন্টের জন্য কোচ খুঁজছি, জাতীয় দলের জন্য কোচ খুঁজছি; ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের জন্য বিশেষজ্ঞ কোচ খুঁজছি। আপাতত বিদেশি কোচই আমাদের অগ্রাধিকার পাচ্ছে।”