২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোলার্ড মালিঙ্গায় মুম্বাইয়ের প্রথম জয়

নিজেদের মাঠে খেলতে নেমেই হারের গণ্ডি থেকে বেরিয়ে এল মুম্বাই ইন্ডিয়ান্স। কাইরন পোলার্ডের শেষমুহূর্তের ঝড়ো ব্যাটিংয়ে এবারের আসরের সবচেয়ে সফল দল কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। তবে পাঞ্জাব ইনিংসের শেষ দিকে অসাধারণ বল করা লাসিথ মালিঙ্গার অবদানও কম নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 09:04 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

ছয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের এটা প্রথম জয়। সমান সংখ্যক ম্যাচে পাঞ্জাবের এটা প্রথম হার। এই হারে রান রেটে পিছিয়ে পড়ে চেন্নাই সুপার কিংসের কাছে শীর্ষ স্থান হারিয়েছে তারা।

শনিবার পাঞ্জাবের ৫ উইকেটে গড়া ১৬৮ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই অতিক্রম করে যায় মুম্বাই। শেষ ৩ ওভারে জয়ের জন্য স্বাগতিক দলের প্রয়োজন ছিল ৪১ রানের। ১২ বলের ‘ক্যামিও’ ইনিংসে দুটি করে ছক্কা ও চার মেরে অনায়াসে দলকে জয়ের বন্দরে পৌছে দেন ক্যারিবীয় অলরাউন্ডার পোলার্ড। ২৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে উইকেটরক্ষক চিদাম্বরম গৌতম ও অধিনায়ক রোহিত শর্মার ৪১ বলে ৪৭ রানের জুটিতে সে ধাক্কা সামলে ওঠে তারা। ২৯ বলে ৩৩ রান করেন গৌতম।

তারপরও রোহিত শর্মা ও কোরি অ্যাডারসনের ব্যাটে ভর করে জয়ের পথেই ছিল তারা। কিন্তু পরপর দুই ওভারে তাদের বিদায়ে আবারো শঙ্কায় পড়ে যায় দলটি।

রোহিত করেন ৩৪ বলে ৩৯ রান আর অ্যান্ডারসনের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৫ রান।

তবে পোলার্ড আর আদিত্য তারের ১৫ বলে অবিচ্ছিন্ন ৪৪ রানের ঝড়ো ম্যাচজয়ী জুটিতে সহজেই কাঙ্ক্ষিত জয় মেলে মুম্বাইয়ের। ৬ বলে ১টি করে চার ও ছক্কায় অপরাজিত ১৬ রান করেন তারে।

পাঞ্জাবের পক্ষে দুটি করে উইকেট নেন সন্দ্বীপ শর্মা ও রিশি ধাওয়ান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে ধাক্কা খায় পাঞ্জাব। তবে গ্লেন ম্যাক্সওয়েলের আক্রমণাত্মক ব্যাটে বিপদ কাটিয়ে ওঠে আসরের সবচেয়ে সফল দলটি।

উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার সঙ্গে ৫০ বলে ৬৯ রানের জুটি গড়েন প্রথম তিন ম্যাচে টানা তিনটি অর্ধশতক করা ম্যাক্সওয়েল। স্পিনার হরভজন সিংয়ের বলে বেন ডাঙ্কের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৫ রান করেন তিনি। ২৭ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

তবে ম্যাক্সওয়েল ফিরলেও ৫৯ রান করে অপরাজিত ছিলেন সাহা। তার ৪৭ বলের ইনিংসটি ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো।

৩৪ রান দিয়ে ২ উইকেট নেন মুম্বাইয়ের হরভজন সিং।