২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাদেজার কাছে সাকিবের কলকাতার হার

কলকাতা নাইট রাইডার্সকে সহজেই ৩৪ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। বোলিংয়ে সাফল্য পেলেও ব্যাটিংয়ে ভালো করতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 11:46 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

ছয় ম্যাচে এটি চেন্নাইয়ের পঞ্চম জয়। অন্য দিকে সমান খেলায় কলকাতার চতুর্থ হার।

ভারতে ফিরে বৃষ্টির কারণে আইপিএলের প্রথম ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে।

শুক্রবার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪৮ রান করে চেন্নাই।

প্রথম ওভারে ৯ রান দিয়ে সাকিবের শুরুটা ভালো না হলেও ফিরে আসতে বেশি সময় নেননি তিনি। তৃতীয় ওভারে ফিরে ডোয়াইন স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ২০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

একাদশ ওভারে নিজের চতুর্থ ও শেষ ওভারটি করতে এসে আবার সাফল্য পান সাকিব। সুরেশ রায়নাকে (৩১) বিদায় করে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ৪৯ বল স্থায়ী ৭০ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন সাকিব।

অর্ধশতকে পৌঁছানোর পর ম্যাককালামকে (৫৬) বিদায় করে দলকে তৃতীয় সাফল্য এনে দেন প্রথমবারের মতো খেলতে নামা আন্দ্রে রাসেল। ম্যাককালামের ৪০ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।

ম্যাককালামের বিদায়ের পর দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (অপরাজিত ২২) ও রবীন্দ্র জাদেজার (অপরাজিত ১৭)।

কলকাতার সেরা বোলার সাকিব ২ উইকেট নেন ২৫ রানে।

জবাবে ৯ উইকেটে ১১৪ রানে থেমে যায় কলকাতার ইনিংস।

ষষ্ঠ ওভারে ৩৮ রানে চার উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়া কলকাতা লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি।

সর্বোচ্চ ৪৭ রান আসে রবিন উথাপ্পার ব্যাট থেকে। তার ৩৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্বা।

দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান ইউসুফ পাঠানের। তার ২৯ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্বা।

প্রথম বলেই সীমানার কাছে ক্যাচ দিয়ে ফিরে যান পাঁচ নম্বরে নামা সাকিব।

১২ রানে ৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার জাদেজা। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও পারেননি মোহিত শর্মা। এই পেসার ৩ উইকেট নেন ২২ রানে।