ওয়াকারকে কোচ হতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম সেঠি জানিয়েছেন, দুই বছর মেয়াদে জাতীয় দলের কোচ হতে সাবেক পেসার ওয়াকার ইউনুসকে প্রস্তাব দিয়েছে পিসিবি।
পাকিস্তানের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা 'ডন ডটকম' জানিয়েছে, সম্প্রতি স্থানীয় একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সেঠি। তবে বোর্ডের প্রস্তাব ওয়াকার গ্রহণ করেছে কি না, তা জানা যায়নি।
এবছরের শুরুতে সাবেক কোচ ডেভ হোয়াটমোর বিদায় নেওয়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে নামে পিসিবি। আর তখন থেকেই আলোচনায় ছিলেন ওয়াকার। যদিও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মঈন খানকে দায়িত্ব দেয় পিসিবি।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান ছিটকে পড়ায় মঈনের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। পরে মঈনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে সংস্থাটি।
বোর্ডের প্রস্তাব গ্রহণ করলে মঈন খানের উত্তরসূরী হবেন ওয়াকার। এ প্রসঙ্গে সেঠি বলেন, "নতুন ফর্মুলায় সাবেক দুই খেলোয়াড়ই আছেন। আমরা মনে করি এটা আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে। এই কারণেই হোয়াটমোরের মতো তাদেরকেও আমি দুই বছরের প্রস্তাব দিয়েছি।"
