পোলার্ড ঝড়েও জেতেনি মুম্বাই
বাজে সময় পিছু ছাড়ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ের পরও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১৫ রানে হেরেছে শিরোপাধারী দলটি।
পাঁচ খেলায় এটি হায়দরাবাদের দ্বিতীয় জয়। অন্য দিকে সমান খেলায় এটি মুম্বাইয়ের টানা পঞ্চম পরাজয়।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রান করে হায়দরাবাদ।
৩৮ রানে অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক শিখর ধাওয়ানকে বিদায় করে মুম্বাইকে ভালো সূচনা এনে দিয়েছিলেন পেসার জহির খান।
পঞ্চম ওভারের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পরও তৃতীয় উইকেটে লুকেশ রাহুলের সঙ্গে ১১১ ওভারের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ডেভিড ওয়ার্নার।
ওয়ার্নারকে (৬৫) ফিরিয়ে ৮০ বল স্থায়ী বিপজ্জনক এই জুটি ভাঙেন কোরি অ্যান্ডারসন। ওয়ার্নারের ৫১ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্কা।
শেষ ওভারে লাসিথ মালিঙ্গার শিকারে পরিণত হওয়ার আগে ৪৬ রান করেন রাহুল। তার ৪০ বলের ইনিংসে ছিল ৩টি চার।
মুম্বাইয়ের পক্ষে অ্যান্ডারসন ও জহির দুটি করে উইকেট নেন।
জবাবে ৭ উইকেটে ১৫৭ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।
ষষ্ঠ ওভারে ৩১ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়েরও।
চতুর্থ উইকেটে আম্বাতি রাইডুর সঙ্গে পোলার্ডের ৭৭ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় গত আসরের চ্যাম্পিয়নরা। ইরফান পাঠানের শিকারে পরিণত হওয়ার আগে ২৭ বলে ৫টি চারের সাহায্যে ৩৫ রান করেন রাইডু।
শেষ ৪ ওভারে ৫৮ রানের প্রয়োজনীয়তার সামনে ছিল মুম্বাই। অমিত মিশ্রর এক ওভারে ২৭ রান নিয়ে সমীকরণ অনেকটাই সহজ করে ফেলেছিলেন পোলার্ড।
শেষ ৩ ওভারে ৩১ রান প্রয়োজন ছিল দলটির। ১৮তম ওভারে মাত্র ৪ রান দিয়ে আদিত্য তারেকে ফিরিয়ে দেন ডেল স্টেইন। সেই ওভারে তিন বল খেলে মাত্র ১ রান নেন পোলার্ড।
ভুবনেশ্বর কুমারের করা পরের ওভারে স্ট্রাইকই পাননি পোলার্ড। সেই ওভারে মাত্র ৭ রান দিয়ে হরভজন সিংকে বিদায় করেন ভুবনেশ্বর।
শেষ ওভারে ২০ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের। পোলার্ড স্ট্রাইকে ছিলেন বলে আশায় ছিল দলটি। কিন্তু প্রথম বলেই পোলার্ডকে বোল্ড করে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন ইরফান। সেই ওভারে ৪ রানের বেশি নিতে পারেনি দলটি।
৭৮ রান করা পোলার্ডের ৪৮ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৬টি ছক্বা।
হায়দরাবাদের পক্ষে দুটি করে উইকেট নেন ইরফান, ভুবনেশ্বর ও স্টেইন।
