২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসবাহতেই আস্থা পিসিবি চেয়ারম্যানের

ওয়ানডে বিশ্বকাপের আগামী আসরে দলের নেতৃত্বের প্রশ্নে ভিন্ন অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাচক। তবে মিসবাহ-উল-হকের জন্য সুখবর, ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত বর্তমান অধিনায়ককেই দায়িত্বে দেখতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম সেঠি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 11:10 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার করাচিতে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মঈন খান জানিয়েছেন, সম্প্রতি অধিনায়ক পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে।

যাকে দিয়ে পাকিস্তান দলের সবচেয়ে ভালো হবে তাকেই অধিনায়ক করা হবে বলে জানিয়ে মঈন বলেন, "নতুন কোচ ও পিসিবির সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।"

তবে অধিনায়কের প্রশ্নে মিসবাহই সেরা পছন্দ জানিয়ে সেঠি বলেন, “অধিনায়ক প্রশ্নে নির্বাচকদের মতামত যাই হোক, বিশ্বকাপ পর্যন্ত মিসবাহকেই অধিনায়ক রাখার পক্ষে আমি।”

নেতৃত্ব বাছাইয়ের দায়িত্বটা যে তারই স্মরণ করিয়ে দিয়ে বলেন, "আইন অনুযায়ী পিসিবি চেয়ারম্যান নির্বাচক ও অধিনায়ক নির্বাচন করে থাকে। আর নির্বাচকরা দল নির্বাচন করে।"

২০১১ সালে ওয়ানডে দলের নেতৃত্ব পান মিসবাহ। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের অধীন এ পর্যন্ত ৭১ টি ওয়ানডে খেলে ৩৯টিতেই জিতেছে পাকিস্তান।

আর সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন মিসবাহ। অধিনায়কত্ব পাওয়ার পর ৪৭.২১ গড়ে রান করেছেন তিনি, যেখানে তার ক্যারিয়ার গড় ৪৪.৩৮।

গত এক বছরে তো ব্যাট হাতে আরো সফল তিনি। ৩২ ম্যাচে ৫২.০০ গড়ে রান করেছেন তিনি। তার নৈপুণ্যে ১৬টিতে জিতেছে পাকিস্তান।