পাঞ্জাবের টানা পঞ্চম জয়
আইপিএলে জিতেই চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সন্দীপ শর্মার মারাত্মক বোলিংয়ে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
পাঁচ ম্যাচে এটি পাঞ্জাবের টানা পঞ্চম জয়। অন্য দিকে ব্যাঙ্গালোরের তৃতীয় হার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৪ রান করে ব্যাঙ্গালোর।
গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম ওভার থেকে ২০ রান নিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু দ্বিতীয় ওভারেই তিন বলের মধ্যে গেইল (৭ বলে ২০) ও বিরাট কোহলিকে বিদায় করে বড় একটা ধাক্কা দেন সন্দীপ।
পরের ওভারে ফিরে পার্থিব প্যাটেলকেও ফেরান সন্দীপ। ব্যাঙ্গালোরের স্কোর সে সময় ২৬/৪।
এরপর চেষ্টা করেছিলেন যুবরাজ সিং (৩২ বলে ৩৫)। কিন্তু পরের ব্যাটসম্যানদের কাছ থেকে খুব একটা সহায়তা না পাওয়ায় সংগ্রহ খুব একটা বড় হয়নি ব্যাঙ্গালোরের।
যুবরাজের বিদায়ের পর শেষ ৩৩ বলে মাত্র ২৭ রান যোগ করে ব্যাঙ্গালোর। প্রথমবারের মতো শেষ পাঁচ ওভারে কোনো চার পাননি ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা।
১৫ রানে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের জয়ে সবচেয়ে বড় অবদান সন্দীপের। ১৪ রানে ২ উইকেট নেয়া রিশি ধাওয়ানের অবদানও কম নয়।
জবাবে ৭ বল অব্যবহৃত রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানে ৩ উইকেট হারালেও পাঞ্জাবকে জয়ের পথে রাখেন বীরেন্দর শেবাগ (২৬ বলে ৩২) ও ডেভিড মিলার (২০ বলে ২৬)।
দলকে ৩ উইকেটে ৮৫ রানে পৌঁছে দেয়ার পর তিন রানের ব্যবধানে শেবাগ ও মিলারের বিদায়ে আশা জেগে উঠে ব্যাঙ্গালোর শিবিরে। কিন্তু তাদের হতাশ করে দলকে সহজ জয় এনে দেন রিশি (২২ বলে অপরাজিত ২৩) ও জর্জ বেইলি (১৬ বলে অপরাজিত ১৬)।
ব্যাঙ্গালোরের পক্ষে যুবেন্দ্র চাহাল ও বরুণ অ্যারণ দুটি করে উইকেট নেন।
