ফিঞ্চ ঝড়ে হায়দ্রাবাদের প্রথম জয়
অ্যারন ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিংয়ে আইপিএলের সপ্তম আসরে প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লি ডেয়ারডেভিলসকে ৪ রানে হারিয়েছে তারা।
নিজেদের প্রথম দুই ম্যাচে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরেছিল হায়দ্রাবাদের দলটি।
শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও অ্যারন ফিঞ্চের মারমুখী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় হায়দ্রাবাদ। ৩৮ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটে গড়েন তারা দু’জন।
২২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৩ রান করে ধাওয়ান আউট হয়ে গেলেও ফিঞ্চের ব্যাটে ভর করে হায়দ্রাবাদের রানের গতি থামেনি। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামা ডেভিড ওয়ার্নারও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।
ফলে অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটসম্যানের ৮২ বলে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটির সাহায্যে ১৮৪ রানের ইনিংস গড়ে হায়দ্রাবাদ।
৫৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৮ রানের অপরাজিত ইনিংস গড়ে ম্যাচ সেরা হন ফিঞ্চ। আর ৪৫ বলে সমান ৩টি করে চার ও ছক্কায় অপরাজিত ৫৮ রান করেন ওয়ার্নার।
দিল্লির পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম।
জবাবে কুইনটন ডি কক ও মুরালি বিজয়ের ব্যাটে ভর করে দারুণ শুরু করে দিল্লি। ৬৮ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা। কিন্তু ৪ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানই আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় দলটি।
তবে পঞ্চম উইকেটে জেপি ডুমিনি (৭ বলে ২০) ও মনোজ তিওয়ারির (১৩ বলে ২৩) ১৯ বলে ৪৫ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌছে গিয়েছিল দিল্লি। শেষ ওভারে ২০ রানের দরকার ছিল তাদের। কিন্তু মাত্র ১৫ রানই নিতে পারে তারা।
এবারের আসরের প্রথম ম্যাচ খেলতে নামা দিল্লির অধিনায়ক কেভিন পিটারসেন করেন ১৭ বলে ১৬ রান।
